নির্বাচনী পরিবেশ বজায় থাকা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কি না, তা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে কূটনৈতিক মহলে। তাঁরা চাইছেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সরকার যেন সচেষ্ট থাকে।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ও জাপান এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের বক্তৃতা ও বিবৃতি সম্পর্কে খোঁজ নিয়ে এমন মনোভাবের কথা জানা গেছে।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর থেকে আজ-কালের মধ্যে একটি বিবৃতি প্রচারের কথা রয়েছে। জাতিসংঘের একটি সূত্র গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানায়।
কূটনীতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের ঘটনায় ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকেরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। সব প্রার্থী ও ভোটারের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তাঁদের মত। বিদেশি কূটনীতিকদের সঙ্গে গত কয়েক দিনের আলাপচারিতায় বিশ্লেষকেরা এমন মনোভাব দেখেছেন বলে এই প্রতিবেদকের কাছে উল্লেখ করেন।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল একটি বিবৃতি দিয়েছে। এর আগে শুক্রবার একই আহ্বান জানিয়ে ঢাকায় জাপান দূতাবাস একটি বিবৃতি দিয়েছিল। আর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মারি হার্ফ ও জাতিসংঘের মহাসচিবের উপ-মুখপাত্র স্টিফেন ডুজারিচ যুক্তরাষ্ট্রে নিয়মিত ব্রিফিংয়ে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ দিয়েছেন।
ব্রাসেলসে ইইউর সদর দপ্তরের ওয়েবসাইটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন সংস্থার মুখপাত্র। বিবৃতিতে ইইউর মুখপাত্র বলেন, ঢাকা ও চট্টগ্রামের মেয়র নির্বাচন সামনে রেখে আরও সহিংসতা উসকে দেয়—এমন কোনো ধরনের ঘটনা থেকে সব পক্ষকে অবশ্যই বিরত থাকতে হবে।
ইইউর মুখপাত্র বলেন, ‘আমরা চাই একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরির ব্যাপারে রাজনৈতিক নেতারা পদক্ষেপ নেবেন। ভোটারদের অবশ্যই তাঁদের গণতান্ত্রিক অধিকার অবাধে চর্চার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ ও দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সহিংসতার অবসান, উত্তেজনা কমানো ও ইতিবাচক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত।’
কূটনীতিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি করেছে। এ ছাড়া সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটছে।
জাতিসংঘের কূটনীতিক সূত্রে জানা গেছে, সিটি নির্বাচন সামনে রেখে মহাসচিবের দপ্তরের মুখপাত্রের বিবৃতি শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার তাগিদ দিচ্ছে। এটি নতুন কিছু নয়। তবে তিন সিটি করপোরেশনের নির্বাচনের ওপর জাতিসংঘের নজর থাকছে।
জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, জাতিসংঘ ও ইইউর বক্তব্য ও বিবৃতিতে স্পষ্ট যে গত কয়েক দিনের ঘটনা তাদের চিন্তিত করে তুলেছে। অংশগ্রহণমূলক না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্ন রয়েছে। সিটি করপোরেশনের নির্বাচন যাতে ওই নির্বাচনের ধারাবাহিকতা না হয়, সে ব্যাপারে দেশ ও জোটগুলো একটি বার্তা দিচ্ছে। তাদের দেওয়া বার্তা আত্মস্থ করে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে পারলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।