কুড়িপাড়া কলেজে অধ্যক্ষ নিয়োগে দ্বন্দ্বের জের
নির্বাচনী পরীক্ষা চলাকালে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ
সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া কলেজে নির্বাচনী পরীক্ষা চলাকালে সব শ্রেণিকক্ষ ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে পরীক্ষা ও ক্লাস শুরু করার দাবিতে গতকাল শনিবার সকালে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া কলেজের অধ্যক্ষ পদে গত ২০ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়োগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করায় কলেজ পরিচালনা কমিটি নিয়োগ পরীক্ষা স্থগিত করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রতনকান্দি ইউনিয়নের প্রভাবশালী নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সহযোগিতায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তাদির হোসেনের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ২১ নভেম্বর প্রথমে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ অবস্থায় এইচএসসির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে থাকে। এরই একপর্যায়ে ২৬ নভেম্বর ওই নেতা-কর্মীরা পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে পরীক্ষার্থী ও কর্তব্যরত শিক্ষকদের বের করে কলেজের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে কলেজটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং নির্বাচনী পরীক্ষাও বন্ধ রয়েছে।
পরীক্ষা বন্ধ এবং ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কলেজ খুলে দেওয়ার দাবিতে গতকাল শনিবার সকালে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
কলেজের কয়েকজন পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে একদল যুবক শ্রেণিকক্ষে প্রবেশ করে পরীক্ষার খাতা ছিনিয়ে নেন। পরে আমাদের বের করে দেন। আমরা সবাই ভীত হয়ে কলেজ থেকে বাড়ি ফিরে যাই।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম বলেন, ‘আমরা মেধার ভিত্তিতেই অধ্যক্ষ নিয়োগের জন্য কলেজ পরিচালনা কমিটিকে বলেছি। কিন্তু আওয়ামী লীগের কতিপয় স্থানীয় নেতা তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য কমিটিকে চাপ সৃষ্টি করছেন। এ কারণেই নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা নির্বাচনী পরীক্ষা বন্ধ করে কলেজের সকল কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফীউল্লাহ বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি।’