নির্বাচনী পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, অতিরিক্ত ফি নির্ধারণ করায় তারা তা পরিশোধ করতে পারেনি। এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে দেয়নি।
শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হয়। কিন্তু ৩০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করায় অর্ধশতাধিক পরীক্ষার্থী ওই টাকা দিতে পারেনি। তাই তাদের পরীক্ষা নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাদের বিদ্যালয় থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার দাবিতে বিদ্যালয়ের ফটকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সমবেত হয়। ইউএনও ফ্লোরা বিলকিস জাহান পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।
দশম শ্রেণির শিক্ষার্থী তমাল বলে, ‘১২০০ টাকা পরীক্ষার ফি ধরায় আমি পরীক্ষা দিতে পারিনি। তাই পরীক্ষা নেওয়ার জন্য মিছিল করেছি।’
রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সাহা জানান, শিগগিরই শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বসে তাদের পরীক্ষা নেওয়া হবে। ব্যবস্থাপনা কমিটির সভাপতির নির্দেশে নির্বাচনী পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজিজুল কবীর তালুকদার অতিরিক্ত ফি নির্ধারণ করার এবং শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ক্লাসে অনুপস্থিত থাকায় ওই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘শিক্ষার্থীরা আমার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে। আমি পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ বলেন, ‘টেস্ট পরীক্ষার অতিরিক্ত ফি ধরা ঠিক হয়নি।’