নির্বাচনী পরীক্ষায় পাস না করা শিক্ষার্থীদের আবদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজের নির্বাচনী পরীক্ষায় পাস করতে না পারলেও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চায় তারা। কর্তৃপক্ষ সেই সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে তালা ঝুলিয়ে দেয়। নোয়াখালীর চাটখিল মাহবুব সরকারি কলেজে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীসহ মোট ৪৭২ জনকে এইচএসসির ফরম পূরণের জন্য যোগ্য ঘোষণা করা হয়। বাকি শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে এই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তারা ক্যাম্পাসে এসে ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে হইচই শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
বেলা দুইটার দিকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন কলেজ ক্যাম্পাসে গিয়ে তালা খুলে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শিক্ষার্থীরা তালা খুলে দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
কলেজের উপাধ্যক্ষ আ ফ ম রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় যেসব শিক্ষার্থী দুই বিষয় পর্যন্ত ফেল করেছে, তাদের ফরম পূরণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাদ পড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে হইচই করে। একপর্যায়ে শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
তবে এ বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি।