সোনাগাজীর চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়
নির্বাচনী পরীক্ষায় ফেল করায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের তালা
এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে শিক্ষকদের কক্ষে ও বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে শিক্ষকদের কক্ষে ও গতকাল বুধবার বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝোলানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ে গত মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় ১০৭ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, নির্বাচনী পরীক্ষায় ৫৭ জন শিক্ষার্থী পাস করে। বাকি ৫০ জন শিক্ষার্থী ফেল করে। গত কয়েক দিনে কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করলেও ফেল করা শিক্ষার্থীরা সে সুযোগ পায়নি। এ জন্য ক্ষুব্ধ হয়ে তারা বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অকৃতকার্য এক শিক্ষার্থী বলে, সে দুই বিষয়ে ফেল করেছে। অনেক অনুরোধ করার পরও শিক্ষকেরা তাকে ফরম পূরণের অনুমতি দেননি। এ জন্য স্থানীয় প্রভাবশালী নেতাদের পরামর্শে তারা সবাই মিলে বিদ্যালয়ে তালা লাগিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, বোর্ডের নিয়মানুযায়ী নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা এসএসির ফরম পূরণ করতে পারবে না। গত কয়েক দিন এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করার সময় অকৃতকার্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ফরম পূরণের জন্য শিক্ষকদের চাপ দেয়। তবে এরপরও তাদের অনুমতি দেওয়া হয়নি।
প্রধান শিক্ষক বলেন, ফেল করা শিক্ষার্থীরা মুঠোফোনে তাকে এবং অন্যান্য শিক্ষকদের হুমকি দিয়ে যাচ্ছে। তারাই বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তালাগুলো ভেঙে ফেলা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।