নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের কাজিরহাট এম এ হাশেম কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন ছাত্র আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ গতকালের নির্ধারিত হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করে এবং ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ফাঁস হয়। পরীক্ষা দিতে আসা কয়েকজন ছাত্র ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে করে হলে নিয়ে এসে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়।সূত্র জানায়, এ সময় ছাত্রদের একটি অংশ ফাঁস হওয়া প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রদের একটি পক্ষ যারা পরীক্ষা দিতে চায় না তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে রাসেল (১৭) নামের এক ছাত্র গুরুতর আহত হয়। এ সময় জ্যেষ্ঠ শিক্ষকেরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত রাসেলকে চৌমুহনী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে গতকালের নির্ধারিত হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করে এবং ঘটনার তদন্তে উপাধ্যক্ষ কপিল উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।