নির্বাচনী পোস্টারে ঢেকে গেছে ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার থেকে শুরু করে শহরের প্রায় সব কটি ভাস্কর্যের চারপাশেই ঝুলছে সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পোস্টার। পোস্টার দিয়ে ভাস্কর্য ঢেকে ফেলায় এলাকার লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী পোস্টারে ভাস্কর্য ঢেকে ফেলার বিষয়টি আমার নজরেও এসেছে। পৌরসভার মেয়রকে বিষয়টি জানিয়েছি। পৌরসভাই এসব ভাস্কর্য দেখভাল করে। তারা আপত্তি জানালে পোস্টার-ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে।’
সরেজমিনে দেখা গেছে, সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের চারপাশে টানানো রয়েছে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার। সাতমাথার সপ্তপদী মার্কেট, জিলা স্কুলের দেয়াল, সমবায় ভবনসহ আশপাশের বিভিন্ন ভবন ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার ঝোলানো সুতলির এক মাথা বেঁধে অপর মাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের স্মৃতিস্তম্ভের সঙ্গে বাঁধা হয়েছে। এ কারণে পোস্টারের আড়ালে ঢাকা পড়েছে ভাস্কর্যটি।
শহরের সার্কিট হাউস সড়কে সরকারি বালিকা বিদ্যালয়-সংলগ্ন আদালত মোড় চত্বরের ঐতিহাসিক ঘোড়ার ভাস্কর্যটির অবস্থা আরও নাজুক। ভাস্কর্যটির হাত-পা ও মুখে পোস্টার ঝোলানো সুতলির মাথাগুলো বাঁধা রয়েছে। দেখে বোঝার উপায় নেই এখানে কোনো ভাস্কর্য রয়েছে। এ ছাড়া ভাস্কর্যটির চারপাশে রয়েছে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঝোলানো ফেস্টুন। শহরের দুই প্রবেশপথ বনানী মোড় ও মাটিডালি মোড়ে স্থাপিত দুটি ভাস্কর্যেরও একই চিত্র।
শহরের বাদুরতলা এলাকার বাসিন্দা পারভেজ কবির বলেন, ‘ঘোড়ার ভাস্কর্যটি শহরের অর্ধশত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। ভাস্কর্যটি এভাবে নির্বাচনী পোস্টার-ব্যানারে ডাকা পড়ায় আমার মতো অনেকেই মর্মাহত।’
বগুড়া আদালতের আইনজীবী আবদুল লতীফ বলেন, শহরের একজন নাগরিক হিসেবে ভাস্কর্যগুলোর বারোটা বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি দেখে হতবাক হতে হয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত শহরের ভাস্কর্যগুলো থেকে পোস্টার-ফেস্টুন অপসারণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নিতে হবে।