নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়নি পদ্ধতি নিয়ে মতানৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্ধতি নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি। গত বুধবার শ্রম অধিদপ্তরে (ঢাকায়) চা-শ্রমিকদের দুটি অংশের বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে।

চা-শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে শ্রম অধিদপ্তরে শ্রম পরিচালক আবু সাঈদ মোহামঞ্চদ খুরশিদুল আলমের সভাপতিত্বে বুধবার দুই পক্ষের নেতাদের বৈঠক হয়। কিন্তু নির্বাচনী পদ্ধতি নিয়ে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি এক ভোটে পুরো প্যানেল নির্বাচিত করা এবং আহ্বায়ক কমিটি জনে জনে ভোট প্রদানের দাবি করে। চা-শ্রমিক ইউনিয়নের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন মাখন লাল কর্মকার, বিজয় হাজরা, পরেশ কালিঞ্জী ও সিউধন কুর্মি। আহ্বায়ক কমিটির পক্ষে ছিলেন বিজয় বুনার্জি ও সীতারাম অমলিক।

চা-শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, লেবার হাউস (শ্রমিক ইউনিয়ন কার্যালয়) দখলমুক্ত করাসহ ২০ দফা দাবিতে শ্রমিকেরা গত ২১ মে অনির্দিষ্টকালের জন্য চা-বাগানগুলোতে ধর্মঘটের ডাক দেন। ধর্মঘট শুরু হলে ওই দিনই শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ সচিবালয়ে দুই পক্ষের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষের মতামতের ভিত্তিতে একটি লিখিত সমঝোতা হয়। এতে ট্রেড ইউনিয়ন-সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার এবং বিদ্যমান গঠনতন্ত্র সংশোধন করে ৩১ জুলাইয়ের মধ্যে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। এই সমঝোতার পরিপ্রেক্ষিতে চা-শ্রমিক সংগ্রাম কমিটি ধর্মঘট প্রত্যাহার করে। অপরদিকে চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ২৩ মে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেয়। সমঝোতা হওয়ায় আহ্বায়ক কমিটিও তাদের ধর্মঘট প্রত্যাহার করে।

চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ‘বিজয় বুনার্জি জটিল কিছু বিষয়ের অবতারণা করেছেন। ১২-১৩টি ব্যালটে শ্রমিকেরা ভোট দিলে এক দিনে ভোট নেওয়া সম্ভব হবে না। এর পরও আমরা নির্বাচনের স্বার্থে মেনে নিচ্ছি। কিন্তু সরকার চাইছে এক দিনে ভোট করতে।’ চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনার্জি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদের পর আবার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।’