নির্বাচনী প্রচার না করায় ইমামকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে গত শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর থানা কার্যালয় ঘেরাও করে রাখেন বিক্ষুব্ধ মুসল্লিরা। মামলা রেকর্ড করে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন। পুলিশ জানায়, ১৪ জুন অনুষ্ঠিত গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নির্বাচন চলাকালীন মেম্বর পদপ্রার্থী মোখলেসুর রহমান বোয়ালী জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাকিন বিল্লাহকে তাঁর পক্ষে নির্বাচনী প্রচার ও ভোট সংগ্রহের জন্য চাপ দেন। কিন্তু ইমাম তাতে রাজি হননি। এর জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে মোখলেসুর রহমানের ছেলে মাহবুবর রহমান ইমামকে মসজিদের অদূরে পুলবন্দি এলাকায় ডেকে আনেন। সেখানে মাহবুব ও তাঁর কয়েকজন সহযোগী ইমামকে স্থানীয় একটি পরিত্যক্ত মুরগির ফার্মে নিয়ে বেধড়ক মারধর করেন। ইমাম মাওলানা মোস্তাকিন বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে ওই মেম্বর পদপ্রার্থী তাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য আমাকে চাপ দিচ্ছিলেন। তাঁর পক্ষে কাজ না করলে তিনি দেখে নেবেন বলেও হুমকি দিচ্ছিলেন। নির্বাচনে হেরে গিয়ে তিনি এ ঘটনা ঘটান।’ গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ইমামকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।