নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছে না বদির সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া গতকাল সোমবার সকালে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান বদির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাঁকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছে না। এলাকায় পথসভা ও গণসংযোগ চলাকালে বদির লোকজন এসে তাঁকে লাঞ্ছিত করছে। এ ব্যাপারে প্রশাসনের কোনো সহযোগিতা তিনি পাচ্ছেন না।
তিনি আরও জানান, গত রোববার বেলা একটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ায় গণসংযোগ ও পথসভা করার সময় বদির সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ও স্যান্ডেল ছুড়ে মারে। একপর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটারদের সামনে তাঁকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এবং গালে চড় মারে। এ সময় তাঁর বাবা শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়াকেও অস্ত্র ধরে দ্রুত এলাকা ত্যাগ করতে হুমকি দেয়।
গতকাল দুপুরে তাহা ইয়াহিয়া বদির লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক লাঞ্ছিত ও নির্বাচনী প্রচারণায় বাধাদানের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। সাংসদ বদি জানান, এসব অপপ্রচার। নিশ্চিত পরাজয় হবে দেখে তিনি (তাহা) আজেবাজে বকছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রশাসন আরও কঠোর হবে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, তাহা ইয়াহিয়াকে মারধরের ঘটনায় জড়িত অথবা নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।