নির্বাচনী প্রচারণায় কদর বেড়েছে নারী কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় কদর বেড়েছে নারী কর্মীদের। তাঁরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
নারী কর্মীদের কেউ কেউ প্রচারণার জন্য পারিশ্রমিক পান। আবার অনেকেই আত্মীয়তার সূত্রে ও দলীয় টানে প্রচারণায় নেমেছেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রচারণায় নারী কর্মীর সংখ্যা ততই বাড়ছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার কাজ করছেন এসব পরিবারের পুরুষ ও নারীরা।
নারী কর্মীরা দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। তাঁরা বলেন, শারীরিক পরিশ্রম কম হওয়ায় মজুরি অন্যান্য কাজের চেয়ে কিছু কম হলেও তাঁরা ভোটের প্রচারণার কাজ বেছে নিয়েছেন।
মেয়র পদে প্রচারণার কাজে ব্যস্ত শহিদা বেগম বলেন, সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ প্রার্থীর প্রতীক পৌঁছে দিয়ে ভোট চাইছেন। এ জন্য তাঁকে প্রতিদিন ১০০ টাকা করে দেওয়া হয়।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদরউদ্দীন সেলিম জানান, তাঁর নির্বাচনী প্রচারণায় নিজেদের নারী আত্মীয়স্বজন প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি দরিদ্র পরিবারের মেয়েরাও খাবার বাবদ কিছু টাকার বিনিময়ে তাঁর নির্বাচনী প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। নারী কর্মীরা বাসাবাড়িতে ঢুকে প্রচারকাজ চালাতে পারেন—এ জন্য নির্বাচনী প্রচারে নারী কর্মীদের কদর বেড়েছে।
মেয়র প্রার্থী আ স ম মোক্তাদির তিতাস বলেন, দলীয় নারী কর্মীর পাশাপাশি খাবারের বিনিময়ে গরিব নারীরাও প্রার্থীদের পক্ষে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া আত্মীয়স্বজন তো আছেই। পৌর এলাকায় সব প্রার্থীই কমবেশি নারী কর্মীদের দিয়ে প্রচার চালাচ্ছেন।