নির্বাচনী প্রচারণায় অর্ধশতাধিক প্রবাসী এখন জগন্নাথপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের প্রবাসী-অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার-প্রচারণায় অংশ নিতে অর্ধশতাধিক প্রবাসী এখন এলাকায় অবস্থান করছেন। প্রবাসীদের উপস্থিতিতে প্রচার-প্রচারণা জমে উঠেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ উপজেলার কোনো নির্বাচন মানেই প্রবাসীদের সরব উপস্থিতি। প্রবাসী প্রার্থীদের পাশাপাশি স্থানীয় প্রার্থীর পক্ষেও তাদের প্রবাসী-স্বজনেরা প্রচারণায় নামেন। উপজেলার সাতটি ইউনিয়নে ৫১ জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। এর মধ্যে ২০ জন প্রবাসী প্রার্থী রয়েছেন।প্রবাসীরা হাট-বাজারে তাঁদের প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামলে এলাকাবাসীও ভিড় করেন। এমনি একজন উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ আবুল কাশেম। তিনি বলেন, ‘নির্বাচনের সময় দূরে থাকতে মন চায় না। নির্বাচন উপভোগ করতে দেশে এসেছি।’আরেক প্রবাসী সাবেক ছাত্রনেতা সৈয়দ বদরুল আলম বলেন, ‘সুদূর প্রবাসে থাকলেও এলাকার উন্নয়নের কথা আমরা সবসময় ভাবি। তাই ইউপি নির্বাচনে এলাকায় আছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী প্রার্থী বলেন, ‘প্রবাসীদের ওপর নির্ভরশীল তাঁদের অনেক আত্মীয়স্বজন রয়েছেন। তাই নির্বাচনে প্রবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য। এ জন্য আমার পক্ষে পাঁচজন প্রবাসী এলাকায় এসে কাজ শুরু করেছেন।’উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, ‘প্রার্থীদের নির্বাচনী আয়-ব্যয়ের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর পক্ষে প্রবাসীরা এসে যদি নির্বাচন প্রভাবিত করার মতো টাকা বিতরণ করেন, তাহলে পদক্ষেপ নেওয়া হবে।’