বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারণার টাকার বড় একটি অংশ যাচ্ছে মাদকাসক্তদের পকেটে। ভোটের প্রচারণার নামে প্রার্থীদের কাছ থেকে বাগানো এ টাকায় মাদকাসক্ত এসব তরুণ-যুবক নেশায় মেতে উঠছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মিছিল ও জনসভা নিষিদ্ধ করায় প্রার্থী ও তাঁদের আত্মীয়স্বজনের পাশাপাশি প্রার্থীর পক্ষে রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে। এদের মধ্যে মাদকসেবী ও বখাটেও আছে। এসব মাদকসেবী একেক দিন একেক প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার তরুণ ও যুবসমাজ বিভিন্ন প্রার্থীর নির্বাচনী কর্মী হিসেবে তালিকাভুক্ত হয়ে আবার কেউ কেউ সরাসরি প্রার্থীদের কাছে গিয়ে টাকা নিচ্ছে। নিজের পক্ষে কাজ করানোর আশায় বা পক্ষে রাখতে প্রার্থীরাও তাদের টাকা দিচ্ছেন।
উপজেলার সিহালী বাজারের ব্যবসায়ী রশিদ আলী প্রামাণিক বলেন, নির্বাচনী প্রচারকাজে অনেক প্রার্থী টাকার বিনিময়ে তরুণ ও যুবকদের ব্যবহার করছেন। আর এ টাকায় অনেকেই মাদক সেবনে মেতে উঠেছে। এ অবস্থা চলতে থাকলে পরবর্তী সময়ে তা এলাকায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মত প্রকাশ করেন।
উপজেলার দেউলী ইউপির লক্ষ্মীকোলা গ্রামের ভোটার মাইদুল ইসলাম বলেন, ‘এখন এলাকার অনেকেই আমাদের কাছে ভোট চাইতে আসে। এর মধ্যে দেখা যায় মাদকসেবীরাও আছে। টাকার বিনিময়ে এসব বিতর্কিত লোকজন বিভিন্ন প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে।’
মোকামতলা ইউপির নাম প্রকাশে অনিচ্ছুক তিন-চারজন তরুণ বলেন, এলাকার মাদকসেবীদের জন্য এখন খুব ভালো সময় যাচ্ছে। মাদকের টাকা জোগাড়ে তাদের এখন আর তেমন চিন্তা করতে হয় না। তারা বিভিন্ন প্রার্থীর কাছে গিয়ে সহজেই টাকা বাগিয়ে নিচ্ছে। প্রার্থীরাও ভোটের দিন কাজে লাগানোর আশায় তাদের টাকা দিচ্ছেন। আর নির্বাচনী কাজে পুলিশ ব্যস্ত থাকায় ধুমসে চলছে মাদকসেবন আর মাদক ব্যবসা।
মোকামতলা ইউপির নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ‘নির্বাচন শুরু হওয়ায় মাদকসেবী দিয়ে এলাকা ভরে গেছে। অনেক প্রার্থী তাদের তোয়াজ করে চলে। তবে আমি এ মাদকসেবীদের প্রশ্রয় দিই না।’
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নির্বাচনী কাজে ব্যস্ত থাকলেও মাদক ব্যবসা বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।