নির্বাচনী প্রচারণায় গিয়ে সুরঞ্জিতের পিএস আটক পরে মুক্তি
সংসদ সদস্যের স্টিকার লাগানো সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন থেকে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী (পিএস) কামরুল হোসেন পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে আটক করা হয়। অবশ্য রাতে তাঁকে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কামরুল হোসেন সুরঞ্জিত সেনগুপ্তের গাড়ি নিয়ে দুপুরে ভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রব শিকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আসেন। অপর চেয়ারম্যান পদপ্রার্থী রহিম বেপারী সরকারি গাড়ি নির্বাচনী কাজে ব্যবহারের অভিযোগ এনে জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ফোন করেন। অভিযোগ পেয়ে ভদ্রাসন পুলিশ ক্যাম্পের সদস্যরা গাড়িটিসহ কামরুল হোসনেকে আটক করে শিবচর থানায় নিয়ে যান।জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া বলেন, রহিম বেপারী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ইউপি নির্বাচনের প্রচারণায় কোনো সরকারি গাড়িই ব্যবহার করা যাবে না।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গাড়িটি নিয়ে কামরুল হোসেন তাঁর বাড়ি শিবচরের উমেদপুরের চান্দেরচর গ্রামে আসেন। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে নয়, ভুল বোঝাবুঝির কারণে গাড়িটি আটক করে থানায় আনা হয়েছিল।