নির্বাচনী প্রচারণায় বিএনপির হাতিয়ার হেফাজত ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোটারদের টানতে ব্যবহার করা হচ্ছে হেফাজতে ইসলাম ইস্যু। বিএনপি নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করায় তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করবেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।গত রোববার খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় খুলনায় বসবাসরত বাগেরহাট জেলার ফকিরহাট, চিতলমারী ও মোল্লারহাট উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আলোচনায় ছিল ধর্মীয় বিষয়ের ছড়াছড়ি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হেফাজতের আন্দোলন ছিল নাস্তিকদের বিরুদ্ধে। তিনি সেই আন্দোলনে নিজেদের সমর্থনের কথা উল্লেখ করে তা ‘কঠোরভাবে’ দমনের জন্য সরকারের সমালোচনা করেন। আরেক কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী বলেন, ওই আন্দোলন দমন ছিল ‘পৈশাচিক বিভীষিকা’। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেন, ‘ধর্মের অবমাননাকারীদের ভোট দেওয়া যায় না, বাগেরহাটের মানুষ ভোট দেবে না।’ বিএনপির স্থানীয় নেতা প্রথম আলোকে বলেছেন, হেফাজতের ওপর ‘পুলিশের হামলা’ এবং এ নিয়ে মানুষের মধ্যে সৃষ্ট ‘অসন্তোষ’কে তাঁরা ভালোভাবেই ব্যবহার করতে পেরেছেন। এ কারণে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামানের ভোট বাড়বে। বিএনপির খুলনা নগর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মোর্তুজা বলেন, ‘হেফাজতের আন্দোলনে সরকারের “নির্দয় আচরণকে” আমরা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। আমাদের বিশ্বাস, এর কারণে জনগণের বিরাট অংশ আমাদের পক্ষে কাজ করবে।’তবে মসিউর রহমান দাবি করেন, এটা ছিল তাঁদের দলীয় সমাবেশ। তাই সেখানকার কোনো বক্তব্য আচরণবিধি লঙ্ঘন করবে না। কিন্তু দেখা গেছে, ওই মতবিনিময় সভা হয়েছে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের ব্যানারে। এই ব্যানারেই মেয়র পদে নির্বাচন করছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। ওই মতবিনিময় সভায় মনিরুজ্জামানও উপস্থিত ছিলেন।সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ১০-ক ধারা অনুযায়ী, উসকানিমূলক, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যবহার করা যাবে না। জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক বলেন, ‘দলীয় সভা বা নির্বাচনী সভা যা-ই হোক না কেন, এভাবে প্রচারণা চালানো ঠিক নয়। তবে এ বিষয়ে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে প্রচারণা: গতকাল সোমবার বড়বাজার, কালীবাড়ি, হেলাতোলার মোড়, দৌলতপুরের বণিকপাড়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই নিতাই রায় প্রচারণায় নামেন। গতকাল দুপুরে যখন নিতাই রায় হেলাতোলার মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিএনপির ২১ নম্বর ওয়ার্ডের নেতা নাজিরউদ্দিন আহমেদ বলছিলেন, ‘দাদা (নিতাই রায়) আসাতে এলাকার হিন্দু সম্প্রদায়ের ভোটে ব্যাপক প্রভাব পড়বে।’নিতাই রায় চৌধুরীও দাবি করেছেন, ‘আমাদের এই আসা সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে। গয়েশ্বর রায় বলেছেন, তাঁরা আসায় সংখ্যালঘু ভোটে ভাগ বসবে। সংখ্যালঘু অনেকের সঙ্গে তাঁর কথা হয়েছে উল্লেখ করে বলেন, ‘আমাদের আত্মীয়স্বজনও আছেন। আমাদের কথা তাঁরা বিবেচনা করবেন।’খুলনা সিটি করপোরেশন এলাকায় মোট ভোটারের প্রায় ১২ শতাংশ, অর্থাৎ প্রায় ৫০ হাজার সংখ্যালঘু ভোট রয়েছে।অভিযোগ দেবেন আওয়ামী লীগের সমর্থকেরা: নির্বাচনে বিএনপি ধর্মীয় বিষয় ব্যবহার ও বিদ্বেষমূলক কথা ছড়াচ্ছে—এই অভিযোগ এনে অচিরেই নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হারুনুর রশীদ। তিনি বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে এ ধরনের বিষয় নিয়ে বিএনপি নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।