নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার সাবেক প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ হামলার শিকার হয়েছেন। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ করতে গিয়ে এ হামলার শিকার হন। ওই হামলায় ১৮ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে আজিজুল হকের পক্ষে সালাহ উদ্দিন আহমদ প্রচার চালাতে গেলে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়। এ সময় তারা ২০ থেকে ৩০টি গুলি ছুড়ে এবং লাঠিসোটা নিয়ে আজিজুলের সমর্থকদের পেটাতে শুরু করে। তারা তিনটি গাড়ি ভাঙচুর করে। এতে জাহাঙ্গীর আলম, আবদুল করিম ও দেলোয়ার হোসেন নামের তিনজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়। গুলিবিদ্ধ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সালাহ উদ্দিনকে দলীয় লোকজন ওই এলাকায় অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।আজিজুল হক চৌধুরী বলেন, সালাহ উদ্দিন আহমদ তাঁর সমর্থনে গণসংযোগ শুরু করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীর সমর্থক কয়েক শ সশস্ত্র ব্যক্তি এ হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ গণসংযোগকালে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করায় এলাকার ভোটাররা ক্ষুব্ধ হয়ে তাঁকে প্রতিরোধ করে বলে শুনেছি।’ গুলি কিংবা হামলার ব্যাপারে তিনি অবগত নন। একাধিকবার সালাহ উদ্দিন আহমদের মুঠোফোনে যোগাযোগ করেও সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।