নির্বাচনী প্রচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক নেতারা
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের হাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও লেগেছে। কারণ, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা আগামী ১৭ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন। ক্যাম্পাস সূত্র জানায়, নগর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে এবং সিটি করপোরেশন এলাকার বাইরে হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সভাপতি। এ সংগঠন থেকে মেয়র পদে প্রার্থী করা হয়েছে এম মন্জুর আলমকে। বিএনপি ও জামায়াতে ইসলামী মন্জুরকে সমর্থন দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষক, শিক্ষক সমিতির নেতারা মন্জুরের পক্ষে প্রচারে নেমেছেন। আবুল কাশেম চৌধুরী প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ের প্রচারে বিএনপির নেতা-কর্মীরা থাকলেও নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ও বিভিন্ন পেশাজীবীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আওয়ামী লীগ সমর্থক শিক্ষক আসাদুল হক জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেড় শর মতো শিক্ষক নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও বাম-সমর্থিত শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেলের অন্যতম সদস্য ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহউদ্দিন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করার জন্য আমরা মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরাও প্রধান দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।