নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সরকারি গাড়ি ব্যবহার করায় দুজন উপজেলা চেয়ারম্যানকে জরিমানা ও তাঁদের গাড়ি আটকে রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার রাতে সিটি করপোরেশন নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ এ রায় দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, রাতে সিটি করপোরেশন এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা নজরুল ইসলামের উদ্যোগে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের পক্ষে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে সরকারি গাড়ি নিয়ে উপস্থিত হন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া। ম্যাজিস্ট্রেট আরও জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেখানে এই দুই চেয়ারম্যানের ব্যবহূত দুটি সরকারি গাড়ি পায়।ম্যাজিস্ট্রেট জানান, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দুই চেয়ারম্যানকে ব্যক্তিগত শাস্তি না দিয়ে তাঁদের প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় এ দুই চেয়ারম্যান ভ্রাম্যমাণ আদালতের কাছে তাঁদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের কাজে সরকারি গাড়ি ব্যবহার না করার অঙ্গীকার করেন।ম্যাজিস্ট্রেট বলেন, সিটি করপোরেশন আচরণবিধির ৬-এর ১৪ (গ) ধারায় অভিযোগে এ জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সরকারি এই দুটি গাড়ি আটক করা হয়েছে এবং ৩১ অক্টোবর পর্যন্ত গাড়িগুলো আটক করে রাখার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রচার-প্রচারণা মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী গতকাল সকাল থেকে বন্দরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি হায়দার আলী, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন প্রমুখ। মেয়র পদপ্রার্থী শামীম ওসমান গতকাল সারা দিন বন্দরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়াও উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন তিনি। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার গতকাল ১২ নম্বর ওয়ার্ডের অক্টো এলাকা, ইসদাইর, চাঁনমারী, চাষাঢ়া মাউরাপট্টি, এবিসি স্কুলসংলগ্ন চাষাঢ়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন: ঢাকা মহানগর বিএনপির নেতা হাফিজুর রহমান কবির, নুরুল ইসলাম সরদার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি দল পৃথকভাবে তৈমুরের পক্ষে গণসংযোগ করে।