নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচার শুরু করছেন। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার ফরিদপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় নির্বাচনী প্রচার চালাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় জানা গেছে, শেখ হাসিনা গণভবন থেকে আজ সকাল আটটায় টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হবেন। সকাল ১০টায় ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা বালুর মাঠে, বেলা সাড়ে ১১টায় মুকসুদপুরে ও দুপুর ১২টায় সদরপুর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বেলা দেড়টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন।
এরপর বেলা আড়াইটায় শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ার জিটি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
দিনের কর্মসূচি শেষে আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী।
পরদিন সকাল ১০টায় নির্বাচনী এলাকা কোটালীপাড়া শহীদ মিনার চত্বরে কর্মিসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। ফেরার পথে মুন্সিগঞ্জের লৌহজং কলেজ মাঠ ও শ্রীনগর স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগ আয়োজিত দুটি আলাদা জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা।