নির্বাচনী প্রচারে মন্ত্রীদের অংশ নেওয়ার বিপক্ষে আইন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের প্রচারে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অংশ নেওয়ার সুযোগ বাদ দিয়ে নির্বাচনী আচরণবিধি তৈরি করার পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আচরণবিধি যাচাই-বাছাই করে মন্ত্রণালয় এই মত দিয়েছে।

সংসদ ভবনে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় ও আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয় মন্ত্রী-প্রতিমন্ত্রী বা সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের ক্ষেত্রে বিদ্যমান আচরণবিধি বহাল রাখতে বলেছে। আইন মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
আইনমন্ত্রীর কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, সংসদ ও আইন প্রণয়ন বিভাগের সচিব শহিদুল হক, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন টুলি অংশ নেন।
পৌর নির্বাচনের বিদ্যমান আচরণবিধিতে বলা আছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারে বা নির্বাচনের কাজে অংশ নিতে পারবেন না। তবে এসব ব্যক্তি কোনো এলাকার ভোটার হলে কেবল মাত্র ভোট দেওয়ার জন্য তিনি ওই এলাকায় যেতে পারবেন। জাতীয় সংসদের উপনির্বাচনের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য।
বৈঠক শেষে সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করে কিছু বিষয় বাদ এবং কিছু বিষয় যোগ করতে বলেছেন। মন্ত্রণালয় থেকে আচরণবিধিটি আসার পর এ নিয়ে কমিশন আবার বসবে। তারপর চূড়ান্ত করা আচরণবিধি আবার মন্ত্রণালয়ে পাঠানো হবে স্মারক নম্বর বসানোর জন্য। তারপর কমিশন তা গেজেট আকারে প্রকাশ করবে।
একই বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আচরণবিধি সংশোধনের সময় কমিশনের বৈঠকে আমি ছিলাম না। যে কারণে বিষয়টি এখন কোন পর্যায়ে আছে, তা আমার জানা নেই।
দলীয় পরিচয় ও প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশন আচরণবিধি সংশোধন করে গত বৃহস্পতিবার তা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। তাদের প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি, হুইপ, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁরা সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছিলেন, নির্বাচন দলীয় পরিচয় ও প্রতীকে হবে। এ জন্য কমিশন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ রেখেছে।
কমিশনের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন সরকারি দলের একাধিক নেতা। তবে সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি কমিশনের এই প্রস্তাবের সমালোচনা করেছে।