নির্বাচনী প্রচারে সরকারি প্রকল্পের শ্রমিকদের ব্যবহার!
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের নির্বাচনী প্রচারকাজে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকেরা এ অভিযোগ করলেও মো. লুৎফুর রহমান নামের ওই জনপ্রতিনিধি তা অস্বীকার করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় রাউৎগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও হাটবাজার সংস্কারের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুর রাকিব প্রকল্প কমিটির সভাপতি এবং মো. লুৎফুর রহমান ওই কমিটির সদস্য। সেখানে ৬১ জন শ্রমিক কাজ করছেন। তাঁরা মাথাপিছু দৈনিক ১৫০ টাকা মজুরি পান। সপ্তাহে পাঁচ দিন (বৃহস্পতি ও শুক্রবার বাদে) করে মোট আট সপ্তাহ তাঁরা কাজ করবেন। আগামী বুধবার এসব কাজ শেষ হওয়ার কথা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেছেন, আগামী ১১ জুন রাউৎগাঁও ইউপির নির্বাচন হবে। লুৎফুর রহমান ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। শ্রমিকদের অভিযোগ, প্রকল্পের কাজ বাদ দিয়ে চার-পাঁচ দিন ধরে তাঁদের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লুৎফুর রহমানের পক্ষে ভোট চাইতে হচ্ছে। না গেলে হাজিরা খাতা থেকে তাঁদের নাম কেটে দেওয়া হবে বলে লুৎফুর তাঁদের ভয়ভীতি দেখিয়েছেন। তাই তাঁরা বাধ্য হয়ে এই কাজ করছেন। তাঁরা বলেছেন, গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার কাজ না থাকলেও তাঁদের দুই প্রার্থীর পক্ষে প্রচারে যেতে হয়েছে।তবে মো. লুৎফুর রহমান প্রথম আলোকে বলেছেন, এটা তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার। শ্রমিকেরা যথাযথভাবে প্রকল্পের কাজ করছেন বলে তিনি দাবি করেন।প্রকল্প কমিটির সভাপতি আবদুর রাকিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুর রহমান ভূঁইয়া গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ বিষয়ে তাঁরা কোনো অভিযোগ পাননি। তবে তাঁরা খোঁজ নিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা জানান।