নির্বাচনী প্রচারে সরগরম রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোড়ে মোড়ে জটলা। কর্মী-সমর্থকদের ভিড়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মেয়র পদপ্রার্থীদের গণসংযোগ। পথসভা। দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা। শহরের মোড়গুলো এখন এমন সরগরম নির্বাচনী প্রচারে।

প্রার্থীর সমর্থকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে বিলি করছেন লিফলেট। এরই মধ্যে চলছে প্রার্থীদের কুশল বিনিময়, গণসংযোগ। হাত মাইকে প্রার্থীরা বক্তব্য দিচ্ছেন, দোয়া ও ভোট চাইছেন। ভোটাররাও আশ্বাস দিচ্ছেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর। দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের গণসংযোগ, প্রচারের মাত্রাও বেড়েছে।

গতকাল সোমবার ঢাকা থেকে একই বিমানে সৈয়দপুর হয়ে রংপুর আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানে তাঁদের মধ্যে কুশল বিনিময় হলেও অন্য কোনো কথা হয়নি বলে জানা গেছে। রংপুরে এসে মির্জা ফখরুল দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে দিনভর পথসভা ও গণসংযোগ করেন। প্রথমে সিও বাজার, এরপর মেডিকেল মোড়, ধাপ, কাচারীবাজার, সিটিবাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব এলাকা, গ্র্যান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, ঠিকাদারপাড়া মোড় ও রেলওয়ে স্টেশন এলাকায় পথসভা করেন। কখনো হেঁটে, কখনো দলীয় মেয়র প্রার্থী কাওছার জামানকে সঙ্গে নিয়ে রিকশায় করে গণসংযোগ করেন।

বিএনপির মহাসচিব সিও বাজারে বর্ডার গার্ড মার্কেটের পথসভায় এরশাদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেন। তিনি এরশাদের উদ্দেশে বলেন, ‘এই রংপুরে আপনাদের একজন ছাওয়াল আছেন। সেই ছাওয়াল আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করছেন। তিনি আজকে আমার সঙ্গে এসেছেন পতাকা নিয়ে। অর্থাৎ এই সরকারের সঙ্গে এক হয়েছেন।’

এ সময় এরশাদ সিও বাজার সড়ক দিয়ে পুলিশ প্রটোকলে পতাকাবাহী গাড়িতে শহরের দিকে যান।

বিএনপির মহাসচিব ২১ ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, এই নির্বাচন শুধু রংপুর সিটি নির্বাচন নয়, এটি সারা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তিনি বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে না। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে আমরা একটা মেসেজ দিতে পারি, তোমাদের এ দেশের জনগণ আর চায় না।’ তিনি গুম-খুনের সমালোচনা করেন।

মির্জা ফখরুল বলেন, আসিফ নজরুলকে ভয় দেখানো হয়েছে, তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত ২৬টি মামলা করা হয়েছে। ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে ১৮৫টি মামলা চলছে। কেন তাঁরা ভিন্নমত পোষণ করেন। মাহমুদুর রহমানকে পাঁচ বছর জেল খাটিয়েছে, শফিক রেহমানকে জেল খাটিয়েছে।

এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে সকাল থেকে জলছত্র, শেখপাড়া, বুড়াইল বাজার, মডার্ন মোড়, মাহিগঞ্জ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তাঁর সঙ্গে কখনো ছিলেন দলীয় মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান, কখনো নেতারা।

পথসভায় জি এম কাদের ভোটারদের উদ্দেশে বলেন, ‘রংপুরের মানুষের ভালোবাসা জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছে। জাতীয় পার্টি আপনাদের ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না।’ তিনি মোস্তাফিজার রহমানকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘রংপুরে লাঙ্গল প্রতীকের জোয়ার উঠেছে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে, এ জন্য আপনাদের সজাগ থাকতে হবে।’

মোস্তাফিজার রহমান পৃথকভাবে গণসংযোগ করেন ধাপ বাজার, রঘু, নাচনিয়া, এরশাদনগর এলাকায়।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদের পক্ষে বিকেল থেকে গণসংযোগ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি শহরের বেতপট্টিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগরবাসীকে দলের মেয়র পদপ্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার রংপুরের অনেক উন্নয়ন করেছে। এখানে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়েছে। রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়েছে। চার লেন সড়ক হয়েছে।

আর প্রার্থী সরফুদ্দীন আহমেদ গতকাল মেডিকেল মোড়, বুড়িরহাট, মনোহরপুর, নজিরেরহাট এলাকায় গণসংযোগ করেন।

বাসদ-সিপিবির মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কুদ্দুছ (মই) শহরের বাস টার্মিনাল, কেরানীপাড়া, বড়বাড়ী, পার্ক মোড়, সাতমাথা, মাহিগঞ্জ এলাকায় গণসংযোগ করেন।

শান্তিপূর্ণভাবে ভোট হলেও পরে কারচুপি হবে কি না, এমন প্রশ্নও আছে নগরের মানুষের মুখে মুখে। বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদেরও এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

কেরানীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী তৌফিকুল ইসলাম বলেন, মানুষের জল্পনাকল্পনা থাকতেই পারে। নির্বাচনের সুন্দর পরিবেশকে একটি অসাধু চক্র বিনষ্ট করতে চাইলেও এবার জনগণ তা রুখে দাঁড়াবে। এ জন্য নির্বাচন কমিশনকে শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে হবে।

রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, মানুষের মধ্যে নানা কথা থাকতেই পারে। তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরপর ওই কেন্দ্রে গণনা শেষে ফলাফল সবাইকে জানিয়ে দেওয়া হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই।