নির্বাচনী প্রচারের সময় যশোরে কৃষক লীগ নেতা খুন
নির্বাচনী প্রচার চালানোর সময় বাংলাদেশ কৃষক লীগের যশোর জেলা কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শফি কামালকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। শফি কামাল গবীরপুর গ্রামের বাসিন্দা।
হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে শফি কামালের নেতৃত্বে নেতা-কর্মীরা গরীবপুর মোড়ে আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতানের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে যান। এ সময় স্থানীয় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শফি কামালকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। হাসপাতালের নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান প্রথম আলোর কাছে দাবি করেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী- সমর্থকেরা হামলা চালিয়ে জেলা কৃষক লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকে কুপিয়ে হত্যা করেছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন জানান, নির্বাচনী প্রচার চালাতে গিয়ে শফি কামাল খুন হয়েছেন। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।