নির্বাচনী প্রতিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গত ১৬ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর থেকে প্রায় এক গ্রামের ৩০ জন কৃষকের ধান ও সবজিখেত, বীজতলা নষ্ট এবং গাছপালা কেটে ফেলা হয়েছে।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, নির্বাচনে পরাজিত প্রার্থীর পক্ষে কাজ করায় বিজয়ী চেয়ারম্যানের লোকজন এভাবে প্রতিশোধ নিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, এ ব্যাপারে ক্ষেতলাল থানা অবহিত করা হলেও তাঁরা ফল পাচ্ছেন না। গ্রামবাসী বলে, এ ধরনের কাজ বন্ধ না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।১৪ জুলাই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে শাহজান আলী ও সাবেক ইউপি সদস্য আবদুল খালেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। ১৬ জুন উপজেলার আলমপুর ইউপির নির্বাচন হয়। ওই অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর থেকে ইউনিয়নের আলমপুর গ্রামের অন্তত ৩০ জন কৃষকের ধানের চারা, আমন বীজতলা ও গাছপালা নষ্ট করা হয়েছে।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শাহজান আলীর ১০ বিঘা জমির আমন ধানের চারা আগের রাতে কেটে স্তূপ করে রেখেছে দুষ্কৃতকারীরা। আবদুল খালেক মেম্বারের ৯ বিঘা জমির ধানের চারা, মুনছুর সরকারের দুই বছর বয়সী ২৫০টি ইউক্যালিপটাসগাছ এবং গোলাম মওলা খানের নয় শতক জমির বেগুনগাছ কেটে ফেলা হয়েছে। গোলাম মাওলা বলেন, তাঁর একমাত্র আয়ের উৎস ওই বেগুনখেত কেটে সাবাড় করায় তিনি দিশেহারা। এর আগে গ্রামের আবদুল রাজ্জাক, সিরাজুল ইসলাম, আবদুস ছালাম, জাহাঙ্গীর আলম, আবু সাইদ, হুমায়ুন কবির, আলাউদ্দিনসহ প্রায় ২০ জনের গাছ ও খেতের ফসল নষ্ট করা হয়েছে।শাহজান আলী ও সাবেক ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘রাতে এসব অপকর্ম চলায় আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নির্বাচনে মাহফুজুর রহমানের পক্ষে কাজ করায় প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে এভাবে প্রতিশোধ নিচ্ছে।’ পরাজিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান বলেন, ‘এত সবের পর প্রশাসন নীরব, নির্বাচনে বিজয়ী আমার প্রতিপক্ষ এসব অপকর্ম করে চলেছে।’বিজয়ী চেয়ারম্যান গাজিউল হক বলেন, তাঁর লোকজন এসব করেনি, কিছু উচ্ছৃৃঙ্খল যুবক এসব ঘটাচ্ছেন। প্রশাসন তৎপর হলে এগুলো বন্ধ হয়ে যাবে।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ধরনের অপকর্ম রাতে ওই গ্রামে প্রতিনিয়ত ঘটছে। কিন্তু সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ না আসায় তাদের ধরা যাচ্ছে না। তবে দুষ্কুতকারীদের ধরতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ইউএনও রুহুল আমিন মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামের লোকজনকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।