নির্বাচনী প্রতিশ্রুতি পর্যন্তই সড়ক সংস্কার
গাইবান্ধা শহর থেকে সাঘাটা বন্দরের দূরত্ব ৪০ কিলোমিটার। মোটরসাইকেলে করে ৪০ কিলোমিটার গতিবেগে যাত্রা করলে এক ঘণ্টার পথ। কিন্তু যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। কারণ সংকুচিত সড়কটির বেশির ভাগ স্থানে খানাখন্দে ভরা, ইট-খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় দুই ধারের মাটি ধসে গেছে। তাই বারবার ব্রেক কষে যেতে সময় লাগে বেশি। ফুলছড়ি উপজেলার কুকরারহাট থেকে সাঘাটা উপজেলার সাঘাটা বন্দর পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের অবস্থা খুবই করুণ। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার পাঁচ লাখ মানুষ এই সড়ক ধরে জেলা শহরে যাতায়াত করেন। এই সড়ক ছাড়া দুই উপজেলার মানুষের জেলা শহরে আসার বিকল্প পথ নেই। ফলে মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি বেশি সময় ও যাতায়াত খরচ বেড়ে গেছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামের সংস্কৃতিকর্মী জাকিরুল ইসলাম বলেন, দুই উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জাতীয় নির্বাচনের আগে প্রার্থীরা এলাকায় এসে সড়কটি প্রশস্ত করে সংস্কারের কথা বলে ভোট নেন। ভোট গেলে তাঁদের আর খোঁজ থাকে না। এলাকার দুর্ভোগ দুর্ভোগই থেকে যায়। একই গ্রামের কলেজছাত্র জিয়াউল হক বলেন, সাঘাটা-ফুলছড়ি আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ মহাসড়কের স্বপ্ন দেখেছিল। কিন্তু মহাসড়ক নির্মাণ দূরের কথা, গত আড়াই বছরে অপ্রশস্ত সড়কটি মেরামতেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। একই গ্রামের রিকশাচালক রেজাউল করিম নিজের ভাষায় বলেন, ‘জীবোনে হামরা আস্তা (রাস্তা) দিয়া একসা চলেয়া আরাম প্যালাম না। দিনে ১০০ ট্যাকা কামাই করলে ৩০ ট্যাকা একসা ভালো করতে খরোচ হবার নাগচে। পোত্তেক দিন ভাংগা আসতাত স্পোক ভাঙ্গি যায়।’ সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য সওজ বিভাগে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, ফুলছড়ি উপজেলার ভাঙা মোড়, উল্লাবাজার, উল্লা-ভরতখালী, কচুয়া, ডাকবাংলো, ঝড়াবর্ষা নামক স্থানে সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদিয়াখালী থেকে সাঘাটা পর্যন্ত ৩০ কিলোমিটার অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই অংশের পূর্ব পাশ ঘেঁষে উঁচু করে নির্মিত ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও পশ্চিম পাশের অসংখ্য স্থানে সড়কের মাটি ভেঙে গেছে। কোনো কোনো স্থানে মাটি ভেঙে সড়কের কার্পেটিংও ভেঙে যাচ্ছে। ফলে দুটি বাস কিংবা রিকশা ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাকবলিত হচ্ছে। প্রায়ই মালবাহী রিকশা-ভ্যান উল্টে যাচ্ছে। এ ছাড়া বৃষ্টির সময় খানাখন্দগুলো পানিতে ভরাট হয়ে যায়।ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের স্কুলশিক্ষক রফিক উদ্দৌলা আলম বলেন, এমনিতেই রাস্তাটি বিধ্বস্ত। উপরন্তু সরু হওয়ায় দুটি বাস একসঙ্গে ওভারটেক করতে পারছে না। বিশেষত বর্ষার দিনে পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অথচ উন্নয়নের পূর্বশর্ত উন্নত যোগাযোগব্যবস্থা। সেই যোগাযোগব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম উদ্দিন বলেন, সড়কটির বিধ্বস্ত অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এতে প্রায় সোয়া কোটি টাকা ব্যয় হবে। অচিরেই কাজ শুরু হবে।