নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পৌরসভা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৯ জন প্রিসাইডিং, ১০৩ জন সহকারী প্রিসাইডিং ও ২০৬ জন পোলিং কর্মকর্তাকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।