নির্বাচনী বিদ্যুৎ!
কিশোরগঞ্জের ইটনার পোস্ট অফিস সড়কের সোহাগ মিয়ার চায়ের দোকান গত বৃহস্পতিবার সকালে নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে ওঠে। এ দোকানে চা পান করতে আসা লোকজন (ভোটার) আলোচনা করছিলেন হঠাৎ করে উপজেলার বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি নিয়ে। কিন্তু কেন হঠাৎ বিদ্যুৎ পরিস্থিতি ভালো হলো তা নিয়ে তাঁদের মাথায় আসে বিভিন্ন প্রশ্ন। এর উত্তরও মেলে তাঁদের আলোচনায়।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওর উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনবাসীর দুঃখের শেষ নেই। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার সুবিধা ও স্বাস্থ্য সেবার দিক দিয়ে এ উপজেলাগুলোর লোকজন অনেক পিছিয়ে। বিদ্যুৎ পরিস্থিতিও শোচনীয়। দিনের ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ছয় থেকে সাত ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যেত না। কিন্তু এক মাস ধরে এসব উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে। এক সপ্তাহ ধরে সঞ্চালন লাইনের সমস্যা বা বিশেষ কারণ ছাড়া বিদ্যুৎ যাচ্ছে না। বিদ্যুৎ পরিস্থিতির এমন উন্নতিতে সাধারণ মানুষ বেজায় খুশি। তবে সোহাগ মিয়ার চায়ের দোকানে আসা লোকজন খুঁজছেন ভিন্ন উত্তর। তাহের মিয়া নামে একজন ভোটার বলেন, ‘ভাবি নাই কারেন্ট এত ভালা হইয়া যাইব। কেন হইলে এইডাই ভাবনার বিষয়।’ সবুর মিয়া নামের আরেকজন বলেন, ‘বুচ্ছ তাহের এত ভালা, ভালা না। এই কারেন্ট হেই কারেন্ট না। এইডা নির্বাচনী কারেন্ট। নির্বাচন যত দিন থাকব, তত দিন ভালা থাকব। নির্বাচনের লগে কারেন্টও যাইব।’জামান মিয়া নামের একজন এক ধাপ এগিয়ে বলেন, ‘লোভ দেহাইয়া ভোট নিতে চায় ক্ষমতাসীন দল। এইডাও একটা প্রতারণা।’ তাঁর কথা শেষ না হতেই শুক্কুর মিয়া নামের অপর এক ব্যক্তি বলেন, ‘এত প্যাঁচায়তাছ কেন মিয়ারা। ইলেকশন যেন শেষ না হয় হেই দোয়া করো।’ থানা সড়ক এলাকার ব্যবসায়ী হিজবুল্লাহ মিয়া বলেন, ‘আগে কোন সময় বিদ্যুৎ আসব সেই খবর রাখতাম। এখন যে, কখন বিদ্যুৎ যায় টেরও পাই না।’জানতে চাইলে ইটনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘নির্বাচন উপলক্ষে বিদ্যুতের বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন যতটুকু চাহিদা ততটুকুই পাচ্ছি। যান্ত্রিক ত্রুটি ছাড়া বিদ্যুৎ বন্ধ করার প্রয়োজন হয় না।’