নির্বাচনী বিধি উপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল শনিবার সন্ধ্যায় নজরুল জন্মোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। নগরের রিকাবীবাজারের সিলেট অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে এক বক্তা বদরউদ্দিনের পক্ষে দর্শক-শ্রোতাদের কাছে ভোট চান।

বিদায়ী মেয়র পদত্যাগের কয়েক দিন আগে সিলেট নজরুল পরিষদকে দুই দিনব্যাপী এই উৎসব আয়োজনের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। অনুদানের বদৌলতে আয়োজকেরা তাঁকে ‘সংস্কৃতিহিতৈষী’ অভিধায় পরিচয় দিয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেখেছিলেন।

নির্বাচনে প্রার্থীর আচরণবিধির ১৫ ধারায় উল্লেখ আছে, নির্বাচন-পূর্ব সময়ে সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী ব্যক্তি সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না।

গতকাল সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানে বদরউদ্দিন আহমদ বলেন, ‘এমন এক সময়ে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমাকে অনেক মেপে-ঝুঁকে কথা বলতে হচ্ছে। কারণ নির্বাচনী আচরণবিধির কারণে আগামী ২৭ তারিখ প্রতীক পাওয়ার আগ পর্যন্ত আমি অনেক কিছুই বলতে পারব না। তবে একজন সংস্কৃতিকর্মী হিসেবে বলতে পারি, আমি যেখানে যে অবস্থায়ই থাকি না কেন, সব সময় আপনাদের সাথে থাকব।’

অনুষ্ঠানে বক্তৃতায় অভিনেতা-নির্দেশক অনন্ত হীরা কামরানকে পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য দর্শক-শ্রোতাদের প্রতি আহ্বান জানান। তবে সঞ্চালক আমিনুল ইসলাম চৌধুরী তাৎক্ষণিকভাবে এই বক্তৃতাকে বক্তার নিজস্ব ও ব্যক্তিগত অভিমত বলে অনুষ্ঠানে ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিতি হওয়াটা একধরনের ভোট প্রার্থনার কৌশল বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেট শাখার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ২৭ মের আগে কোনোভাবেই সভা-সমাবেশে আকার-ইঙ্গিতেও ভোট চাওয়ার বিধান নেই। অথচ সরকারদলীয় হওয়ার কারণেই প্রভাব খাটিয়ে  আচরণবিধি  লঙ্ঘন করে সদ্য বিদায়ী মেয়র নির্বাচন কমিশনকে বিতর্কিত করছেন।’

সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এস এম এজাহারুল হক প্রথম আলোকে বলেন, ‘বদরউদ্দিন আহমদকে সিটি করপোরেশনের অনুদানে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে মৌখিকভাবে নির্দেশনা জানানো হয়েছিল। এখন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘৫০ হাজার টাকা এবং “সংস্কৃতিহিতৈষী” কামরান’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।