নির্বাচনী বিধি লঙ্ঘনে কামরানকে কারণ দর্শানোর নোটিশ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে নির্বাচন বিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।গতকাল রোববার সিলেটের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক স্বাক্ষরিত নোটিশটি কামরানের বরাবরে পাঠানো হয়েছে। আজ সোমবারের মধ্যে জবাব চেয়েছে কমিশন। যোগাযোগ করলে রিটার্নিং কর্মকর্তা নোটিশের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।নির্বাচন কমিশন সূত্র জানায়, গত রোববার রাতে সিলেট অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশনের অনুদানে আয়োজিত নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কামরান। বক্তৃতায় তিনি ‘আকার-ইঙ্গিতে’ ভোট প্রার্থনা করেন। এর জের ধরে কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।নোটিশে ‘কেন এই বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা যাবে না’ মর্মে কামরানের বক্তব্য জানতে চাওয়া হয়েছে।