নির্বাচনী বিরোধের জের সুনামগঞ্জে দম্পতিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী বিরোধের জের ধরে সুনামগঞ্জ পৌর শহরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। আহত এমদাদুল হক ও তাঁর স্ত্রী ডলি আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার ভোরে শহরের বলাকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এমদাদুল হকের ভাই ওয়াদুদ চারজনকে আসামি করে রোববার রাতে সদর থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিরা হলেন শহরের ষোলঘর এলাকার বাসিন্দা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ, বলাকাপাড়ার সালাম ও রেজাউল এবং ধোপাখালী এলাকার সুনু মিয়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত পৌর নির্বাচনে এমদাদুল হক কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় থেকেই বর্তমান কাউন্সিলর হোসেন আহমদ রাসেলের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। আসামিরা রোববার ভোরে দরজা ভেঙে ঘরে ঢুকে এমদাদ ও তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে দুজনই গুরুতর আহত হন।