নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ায় গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ায় গণতন্ত্রের ভবিষ্যৎ এখন হুমকির মুখে পড়েছে। সুস্থ ধারার রাজনীতি ও সুশাসন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নির্বাচন গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।
গতকাল শনিবার সুজনের কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত এক আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বদিউল আলম এসব কথা বলেন। সভায় সংগঠনটির কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ৬৫ জন প্রতিনিধি অংশ নেন।
বেলা ১১টায় কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজনের কুমিল্লা কমিটির সভাপতি মমিনুল হক চৌধুরী। আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম।
সোহরাব হাসান বলেন, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। গণতন্ত্রবিরোধী শক্তিকে প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।