নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইডব্লিউজি। ছবি: প্রথম আলো
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইডব্লিউজি। ছবি: প্রথম আলো

সবার আগে নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। সংগঠনটি মনে করছে, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ ও এরপর উপজেলা নির্বাচনের পর সার্বিক নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেছে।

এ বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং নির্বাচনী কার্যক্রমের প্রতিটি পদক্ষেপে পেশাগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের পক্ষে মত দিয়েছে সংগঠনটি। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মত ব্যক্ত করা হয়। ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের পরিচালক মো. আব্দুল আলীম।

নির্বাচনী প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২০০৬ সালে দেশের ২৮টি বেসরকারি প্রতিষ্ঠানের জোট ইডব্লিউজি গঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্রে নির্বাচনের অপরিহার্য ভূমিকার কারণে ইডব্লিউজি সব ধরনের নির্বাচনকে স্বাগত জানায়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। প্রার্থী ও ভোটাররা যেন নির্ভয়ে থাকতে পারে, এজন্য নির্বাচন কমিশনকে ব্যাপকভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সিটি করপোরেশন নির্বাচন যেহেতু নির্দলীয়, কাজেই রাজনৈতিক মনোনয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন সংক্রান্ত নীতিমালার কার্যকর বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে নারী ভোটারদের ভোট গ্রহণে নারী কর্মকর্তা নিয়োগ, নির্বাচন কেন্দ্রে বাধ্যতামূলক পোলিং এজেন্ট নিয়োগসহ মোট ১১ দফা সুপারিশ করা হয়।

ইডব্লিউজি জানিয়েছে, ঢাকা সিটি নির্বাচনে তাদের ৪৬ জন দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষক ও নির্বাচনের দিন এক হাজার পর্যবেক্ষক কাজ করবেন। এ ছাড়া চট্টগ্রামে ২১ জন দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষক ও ভোটের দিন ৭০০ জন পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা আছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান, কামরুল হাসান, এইচ এম নোমান, হারুণ অর রশিদ ও বিনয় কৃষ্ণ মল্লিক।