নির্বাচনী ব্যানার লিখতে কৌশল
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে ১৬ জুলাই। কিন্তু প্রতীক বরাদ্দের আগেই তাড়াইলে ব্যানার, ফেস্টুন লেখার ধুম পড়েছে। এসব লেখায় দিন-রাত ব্যস্ত লেখনীবিতানের লোকজন।প্রতীক বরাদ্দের আগেই ব্যানার-ফেস্টুন তৈরি করা প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রার্থী বলেন, এটা করতে কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। শুধু প্রতীকের (মার্কা) জায়গাটি ফাঁকা রেখে বাকি লেখা শেষ করা হচ্ছে। প্রতীক বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গাটি পূরণ করে তা জনসমাগমের স্থানে টাঙিয়ে দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর এসব তৈরি করতে দিলে সময়মতো হাতে না পাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই এ কৌশল।তাড়াইল সদরের হেকিম আর্টের স্বত্বাধিকারী মো. আবদুল হেকিম প্রথম আলোকে বলেন, ‘হাতে অনেক কাজ। চার-পাঁচ দিন ধরে শুধু প্রতীকের জায়গাটি ফাঁকা রেখে ব্যানার-ফেস্টুন তৈরি করছি।’