নির্বাচনী ব্যয়ের হিসাব দেননি ডেপুটি স্পিকারসহ ৯ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজসহ নয়জন সাংসদ যথাসময়ে নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও মো. শাহ নেওয়াজ।
নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে ব্যর্থ বাকি সাত সাংসদ হলেন ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩), ননী গোপাল মণ্ডল (খুলনা-১), আলী আজম (ভোলা-২), মোয়াজ্জেম হোসেন (সুনামগঞ্জ-১), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), নজিবুল বশর (চট্টগ্রাম-২) ও এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১)। এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ লালমনিরহাট-১ আসনের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি। তবে তিনি এ আসনে পরাজিত হন। তিনি জয়ী হয়েছেন রংপুর-৩ আসন থেকে এবং ওই আসনের ব্যয়ের হিসাব জমা দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচিতদের নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এ বিধান লঙ্ঘনের শাস্তি দুই থেকে সাত বছরের কারাদণ্ড।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৫৪৩ জন। নির্বাচন কমিশন ৮ জানুয়ারি বিজয়ী প্রার্থীদের নাম গেজেটে প্রকাশ করে। এই হিসেবে ৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা ছিল। এঁদের মধ্যে এরশাদসহ ১০ জন এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, আইনে বলা আছে নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। সুতরাং নির্ধারিত সময়ের এক দিন পরেও কেউ যদি হিসাব জমা দেন, সেটাও আইনের লঙ্ঘন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ আজ মতামত দেবেন।