নির্বাচনী ভিত্তিপ্রস্তর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার দিন এবং তার আগের দুই দিনে তিনটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুল। ভোটের আগে এসব ভিত্তিপ্রস্তর স্থাপনকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন সম্ভাব্য অন্য মেয়র প্রার্থী।

২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই দিন বিকেলে পৌর শহরের পূর্ব সুলতানপুর এলাকায় ‘আধুনিক পৌর পার্ক’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র আয়ুব বখত জগলুল। এর আগে দিনভর শহরে মাইকযোগে ও ট্রাকে ঢাকঢোল পিটিয়ে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রচারণা চালানো হয়।

২৩ নভেম্বর পৌর শহরের স্টেডিয়ামের দক্ষিণ-পূর্ব কোণে ‘পৌর সুইমিং পুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র। এখানে একসময় পৌরসভা পরিচালিত ‘কিংবদন্তি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র’ ছিল।

২২ নভেম্বর বিকেলে আয়ুব বখত জগলুল সুনামগঞ্জ পৌরসভার পুরোনো ভবন এলাকায় ‘পৌর কমিউনিটি সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ভবনে এখন পৌর কলেজ রয়েছে। পৌর মেয়র প্রথম আলোকে বলেন, ‘আমাকে ভোটাররা আবার নির্বাচিত করলে এ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব।’