
রাজধানীর ধানমন্ডির বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি পোস্টার দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের। এই নির্বাচনী এলাকায় কেবল পোস্টারে নয়, মানুষের কাছে সবচেয়ে বেশি ছুটছেন তাপস। বিক্ষিপ্তভাবে এই আসনে আরও কয়েকজন প্রার্থীর পোস্টার দেখা গেলেও তাঁরা প্রচারে সেভাবে নেই। তবে দুই–এক দিনের মধ্যে ঐক্য ফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা আবদুল মান্নান প্রচারে মাঠে নামবেন বলে জানা গেছে।
এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. বাহারান সুলতান বাহার (বাঘ)। গত দুটি নির্বাচনে এই আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। এর মধ্যে ২০১৪ সালে তাপস বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট থানা নিয়ে গঠিত ঢাকা-১০ নির্বাচনী আসন। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, শংকর, ঝিকাগতলাসহ এই নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে সম্প্রতি ঘটে যাওয়া নিম্নচাপের প্রভাবে দুই দিনের বৃষ্টিতে বেশির ভাগ প্রার্থীর পোস্টার নষ্ট হয়ে গেলেও অক্ষত রয়ে গেছে ফজলে নূর তাপসের কিছু পোস্টার। তিনি লেমিনেটিং করা পোস্টার লাগিয়েছিলেন তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে। কেবল ধানমন্ডি এক নম্বর সড়কে বেল টাওয়ারের পাশে ধানের শিষের প্রার্থী আব্দুল মান্নানের কিছু পোস্টার দেখা গেল।
ধানমন্ডি ৯/এ সড়কে ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে হাঁটছিলেন আবদুল হামিদ। চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। অনেক বছর ধানমন্ডি এলাকাতেই থাকেন। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বললেন, নির্বাচন যেমন দুই পক্ষের লড়াই থাকে। মিছিল-মিটিংয়ের ছড়াছড়ি দেখা যায় এবারে সেভাবে কিছু চোখে পড়ছে না। ফজলে নূর তাপসের পোস্টারই বেশি দেখছি। দুদিন তাকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখেছি। অন্য প্রার্থী পুরোদমে মাঠে এলে নির্বাচনী আমেজ পাওয়া যেত। এখনো তো বেশ কিছু দিন আছে। দেখা যাক অন্য প্রার্থীরা মাঠে নামে কি না। তাহলে হয়তো নির্বাচনী আমেজ কিছুটা পাওয়া যাবে। সে অপেক্ষাতেই আছি।
একই এলাকায় রাস্তার বিপরীতে দাঁড়িয়ে ছিলেন তিন তরুণ। তাঁদের একজন আরেফিন হক বলছিলেন, গত দুটি নির্বাচনে তাপস নির্বাচিত হয়েছেন। কিন্তু আবাসিক এলাকা থেকে এখন ধানমন্ডি বাণিজ্যিক এলাকা হয়ে গেছে। আমরা এটি চাইনি। দিন দিন এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি স্কুল ও কলেজ খোলা হয়েছে। সকালে যানজটের কারণে এক স্থান থেকে অন্য স্থান ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। আরেফিন বলেন, ফজলে নূর তাপসের উচিত হবে এদিকে লক্ষ্য রাখা। ধানমন্ডিকে আবাসিক এলাকা হিসেবে রাখা।
ধানমন্ডি এক নম্বর সড়কে বেল টাওয়ারের পাশে গিয়ে দেখা গেছে, তাপসের পোস্টারের পাশাপাশি আবদুল মান্নানের কিছু পোস্টার। এলাকাবাসী জানালেন, এই সড়কেই আবদুল মান্নানের বাড়ি। তাই এখানে বেশি পোস্টার। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক মান্নানের এক কর্মী জানালেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের চাপে তাঁরা পোস্টার লাগাতে পারছেন না।
গত কয়েক দিনে কাঁঠালবাগান ঢালের ওপর সুন্দরবন হোটেল, পান্থপথ ফার্নিচার মার্কেট, পান্থপথ সিগন্যাল, গ্রিন রোড, ক্রিসেন্ট রোড, কলাবাগান স্টাফ কোয়ার্টার, কলাবাগান ১ এ ২ লেনসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস নৌকার পক্ষে ভোট চান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেন। বলেন, গত ১০ বছরে এই এলাকায় অনেক কাজ হয়েছে। জনগণ উন্নয়ন দেখে ভোট দেবে।
কাঁঠালবাগান এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, নির্বাচন এলে ভোট তো দিই। তবে নির্বাচনের সময় যেভাবে প্রার্থীরা আন্তরিকতা নিয়ে ভোট চাইতে আসেন, সেই আন্তরিকতা নিয়ে যদি নির্বাচনের পরে আমাদের সুখ, দু:দুঃখ দেখতে আসতেন তাহলে আমাদের মনে কোনো দুঃখ থাকত না। এবার ভোট চাইতে কে এসেছে জানতে চাইলে তিনি বলেন, বাসায় ছিলাম না তবে স্ত্রীর কাছে শুনেছি ফজলে নূর তাপস এসেছিলেন। তিনি শক্ত প্রার্থী। এই আসনে তাঁর আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ঢাকা-১০ আসনের সবচেয়ে অবহেলিত এলাকা বলতে গেলে বলা হয় হাজারীবাগকে। এই এলাকা থেকে বেশির ভাগ ট্যানারি উঠে গেলেও অনেকটা নোংরা আবর্জনায় ভরে থাকে রাস্তা। এই এলাকার বাসিন্দা জাহিদুল হক বলেন, অনেক দিন আমরা ট্যানারির দূষিত পানিতে আবদ্ধ ছিলাম। সাভারে ট্যানারি স্থানান্তরিত হওয়ায় সেটি এখন কমেছে। কিন্তু চামড়ার ব্যবসা এ এলাকা থেকে না সরে যাওয়ায় রাস্তায় যত্রতত্র পশুর হাড়, সিং, গরু-ছাগলের পায়ের খুড়া এসব পড়ে থাকে। এ ছাড়া চামড়ার উছ্রিষ্ঠ তো আছেই। এ ছাড়া ট্যানারির সেই ঝাঁজালো গন্ধ না থাকলেও গন্ধ এখনো যায়নি। আমরা সুন্দর একটা বসবাসের এলাকা চাই। অন্যান্য আবাসিক এলাকার মতো আমাদের এলাকাও গড়ে উঠবে এটাই প্রত্যাশা প্রার্থীদের কাছে। যেই প্রার্থীই নির্বাচিত হোক তিনি যেন আমাদের সমস্যা সমাধানে কাজ করেন।
আরেক বাসিন্দা মোমোনা সুলতানা বললেন, সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত আমাদের এলাকায় আসে না বলে এই এলাকা নোংরা থাকে। এ ছাড়া মশার ওষুধ ঠিকমতো না দেওয়ার জন্য এখানে মশার যন্ত্রণায় টেকা দায়। আমাদের জনপ্রতিনিধি যে হবেন সে যেন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখেন।

গ্রিন রোডের ঢাকা টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছিলেন মো.মাসুদ। এই সড়কের একটি খাবারের দোকানের ব্যবস্থাপক তিনি। নির্বাচনের প্রসঙ্গ এলে তিনি বললেন, পোস্টার দেখেছি কিছু। এবার এখনও জমেনি। নির্বাচন জমলে মানুষ চা খাবে, প্রার্থীদের নানা কথা আলোচনা করবে। কিন্তু এবার তো এখনো তেমন কিছু দেখলাম না।
গ্রিন লাইফ হাসপাতালের পাশের ক্রিসেন্ট রোডে কথা হয় এই এলাকার বাসিন্দা মো. রোমানের সঙ্গে। তিনি বলেন, নির্বাচন এসেছে এটা বোঝা যাচ্ছে। তাপস ভাই এসেছিলেন। বাসায় পোস্টার লাগিয়ে গেছেন ভোটও চেয়েছেন। তবে আর কোনো প্রার্থীকে দেখিনি। শুধু হাতপাখা মার্কার পোস্টার দেখেছি। তবে সবচেয়ে বেশি দেখেছি নৌকা মার্কার পোস্টার।
ফজলে নূর তাপসের নির্বাচনী কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তাঁর গণমাধ্যম শাখার সমন্বয়ক তারেক শিকদার বলেন, স্যার নির্বাচনের কাজে ব্যস্ত। প্রতিদিন বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে দেখা করে ভোট চাইছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে ধানমন্ডিকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করবেন। এই এলাকার পানি-গ্যাসের সমস্যা সমাধান করবেন। এ ছাড়া ঢাকার প্রথম মাদক মুক্ত আসন ঘোষণা করবেন ঢাকা-১০ কে। নিউ মার্কেটের পার্কিং সমস্যার সমাধানে তিনি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। হাজারীবাগের ট্যানারি স্থানান্তরিত খালি জায়গায় আধুনিক আবাসিক এলাকা করা হবে। যাতায়াতের সুবিধার জন্য ধানমন্ডি-২ থেকে নিউ মার্কেট পর্যন্ত ফ্লাই ওভার নির্মাণ করবেন।
নির্বাচনের প্রচারণায় কেন কম দেখা যাচ্ছে—এমন প্রশ্নে আবদুল মান্নান নানা অভিযোগ করলেন। প্রথম আলোকে তিনি বলেন, নির্বাচনী প্রচারে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আমার পোস্টার-লিফলেট ছেঁড়া, পোড়ানো, ডাস্টবিনে ছুড়ে ফেলা, মাইক ভাঙচুর, পোস্টার লাগানোর কাজে নিয়োজিত লোকদের গালিগালাজ করা হচ্ছে। তফসিল ঘোষণার পর সাত-আটটি মামলাসহ মোট শতাধিক মিথ্যা ও গায়েবি মামলায় তাঁর নির্বাচনী এলাকায় প্রতিদিনই বিএনপি জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।
এ পর্যন্ত ৭০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনী প্রচারে কবে নামবেন, তা জানতে চাইলে মান্নান বলেন, ‘দুই-এক দিনের মধ্যে আমরা শত বাধা উপেক্ষা করে মাঠে নামব।’ এলাকার উন্নয়নের প্রসঙ্গে জানতে চাইলে মান্নান বললেন, ধানমন্ডিকে যানজট মুক্ত আবাসিক এলাকা করা, হাজারীবাগে পরিকল্পিত এলাকা করা, নিরবচ্ছিন্ন গ্যাস-পানির ব্যবস্থা করা, ধানমন্ডিতে জলাবদ্ধতা দূর করাসহ বিভিন্ন কাজ করবেন তিনি।