নির্বাচনী মাঠে সরব লন্ডনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে পৌরসভা নির্বাচনের হাওয়া বইছে। এর প্রভাব পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরেও। এই পৌরসভার নির্বাচনে লন্ডনপ্রবাসী প্রার্থীরাও অংশ নিচ্ছেন। তাঁরা পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যে দেশে এসে প্রচারকাজ শুরু করে দিয়েছেন।
লন্ডনপ্রবাসী এসব ব্যক্তি স্থানীয়ভাবে ‘লন্ডনি’ নামে পরিচিত। তাঁরা গণসংযোগের পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সমর্থন পাওয়ার জন্য চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। শুধু প্রার্থী হতে নয়, প্রার্থীর পক্ষে কাজ করতেও অনেক লন্ডনি ভোটের সময় নির্বাচনী মাঠে সরব থাকেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেছেন, জগন্নাথপুরের প্রবাসীদের সিংহভাগ লন্ডনে থাকেন। তাঁরা এলাকায় লন্ডনি হিসেবে পরিচিত। এলাকার নির্বাচনে লন্ডনপ্রবাসীরা যেমন প্রার্থী হন, তেমনি নির্বাচনী প্রচারণায় দেশে এসে অংশ নেন। পাশাপাশি লন্ডনেও প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো হয়। এখানে প্রার্থীদের জয়-পরাজয়ে প্রবাসীরা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে সরকার পৌরসভা নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন। এরপরই জগন্নাথপুর পৌর এলাকায় নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। লন্ডন থেকে এ পর্যন্ত দেশে আসা প্রার্থীদের মধ্যে চারজন আওয়ামী লীগের ও একজন বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
২১ অক্টোবর লন্ডন থেকে দেশে এসে প্রচারণায় নেমেছেন পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান। তিনি গত নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। লুৎফুর রহমান বলেন, ‘আমি লন্ডনে স্থায়ীভাবে বাস করি না। সেখানে কখনোই তিন মাসের বেশি ছিলাম না। ১৫ বছর ধরে এলাকার মানুষের সঙ্গে আছি। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।’
পৌরসভার সাবেক চেয়ারম্যান লন্ডনপ্রবাসী মিজানুর রশিদও দেশে এসেছেন। তিনি গত ঈদ ও পূজায় এলাকায় প্রচারণা চালিয়েছেন। মিজানুর রশিদ বলেন, ‘আমার বাবা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চারবারের চেয়ারম্যান ও পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। প্রবাসী হিসেবে নয়, আওয়ামী পরিবারের একজন হিসেবে প্রার্থী হতে চাই।’
১২ অক্টোবর দেশে এসেছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সাবেক সহপ্রচার সম্পাদক রাজু আহমদ। তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় নয় বছর আগে লন্ডনে গিয়েছিলেন। রাজু আহমদ বলেন, ‘আমি প্রতিবছর একবার দেশে আসি। এবার এসেই গ্রামের মানুষের সমর্থন নিয়ে মাঠে নেমেছি। দলের পৌর শাখার নেতারাও আমার সঙ্গে আছেন। আমি দলের মনোনয়ন নিয়েই নির্বাচন করব।’
নির্বাচনী প্রচারণায় আছেন পৌরসভার সাবেক চেয়ারম্যান লন্ডনপ্রবাসী আবদুল মনাফও। তিনি বলেন, ‘সব সময়ই পৌর নাগরিকদের সুখ-দুঃখে পাশে আছি, তাঁদের জন্য কাজ করে যাচ্ছি। এখানে আমিসহ আওয়ামী লীগের যাঁরা মাঠে আছেন, তাঁরা সবাই প্রবাসী। সবাই লন্ডনে যাওয়া-আসা করেন। গত নির্বাচনে দলের নেতা-কর্মীদের শতভাগ সমর্থন পেয়েছি। এবারও সেই সমর্থন থাকবে বলে আশা করছি।’
প্রচারণা চালাচ্ছেন লন্ডনপ্রবাসী প্রার্থী শাহ নুরুল করিমও। গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘পুরোদমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আশা করছি দল আমাকেই মনোনয়ন দেবে।’