নির্বাচনী মিছিলের আগে বোমা হামলা
দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী মিছিলের প্রস্তুতির সময় হাতবোমা হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পথচারী শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার ইসলামবাগের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা শেষে মিছিলের প্রস্তুতি চলছিল। সেখানে প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগরের নেতারা ছিলেন। সে সময়ে পেছন থেকে পর পর তিনটি হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। বোমাগুলো মিছিলে থাকা দুটি গাড়ির পেছনে বিস্ফোরিত হয়ে প্রচুর ধোঁয়া উৎপন্ন করে। এতেই হতাহতের ঘটনা ঘটে। তবে সামনে থাকা নেতারা কেউ আহত হননি।
আহত ব্যক্তিরা হলেন লালবাগ থানা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার (৩৫), থানা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন (২৪), ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা কামরুল ইসলাম, যুবলীগের স্থানীয় কর্মী মনোয়ারা বেগম (৩০), খালেদা আক্তার (২০), মনির হোসেন (২৪), বেলাল (২৫), ফজলুল হক (৩০) ও পথচারী শিশু ইয়াদ আলী (১১)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কামরুল ও মনিরের অবস্থা গুরুতর।
লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত জানান, সমাবেশ-পরবর্তী মিছিলের সময় দুর্বৃত্তরা এ হামলা চালায়।
স্থানীয় লোকজন জানান, শিশু ইয়াদ একটি কিন্ডারগার্টেনের ছাত্র। বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার সময় সে আহত হয়।
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে মোস্তফা জালাল বলেন, তাঁর নির্বাচনী প্রতিপক্ষরাই বোমা হামলা চালিয়ে ১১ কর্মীকে আহত করেছে।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যেই মাঠে নেমেছে কয়েকটি দল।
নাসিমের গাড়িবহর লক্ষ্য করে ককটেল হামলা: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও কুষ্টিয়া অফিস জানায়, রাজশাহীর চারঘাটে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের গাড়িবহর লক্ষ্য করে পরপর দুটি ককটেল হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মেহেরপুর-২ আসনের (গাংনী) স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের নির্বাচনী ক্যাম্পেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের নির্বাচনী পথসভায় যোগ দিতে চারঘাটে যাচ্ছিলেন মোহাম্মদ নাসিম। বেলা সাড়ে ১১টার দিকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির কাছে তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। কিছুক্ষণ পর সারদা পাইলট স্কুলের সামনে ফাটানো হয় আরেকটি ককটেল। এসব ককটেল বিস্ফোরণে কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তুজা বলেন, দোকানের পেছন থেকে কারা এই হামলা করেছে তা শনাক্ত করা যায়নি।
ককটেল হামলা সত্ত্বেও নাসিম চারঘাটে গিয়ে পূর্বনির্ধারিত পথসভায় বক্তব্য দেন। তবে তিনি ককটেল হামলা নিয়ে কোনো কথা বলেননি।
রাজশাহী-৬ আসনে এবার বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ রাহেনুল হক। তাঁর উদ্দেশে নাসিম বলেন, ‘আওয়ামী লীগের ভোট নিতে হলে নৌকার মালিক হতে হবে।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো যাঁরা অভিমান করে নৌকার বাইরে রয়েছেন, তাঁরা আজকের মধ্যে নৌকায় আসবেন। পাঁচ তারিখের পরে আসতে চাইলে নৌকায় আর আপনাদের নেওয়া হবে না। আজকের মধ্যে এলে ক্ষমা করে দেওয়া হবে।’
দলীয় ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘প্রয়োজনে আপনারা বিএনপি-জামায়াতের লোকজনের কাছে যাবেন। তাঁদের বোঝাবেন বিএনপির নেত্রী ভুল করেছেন। ইচ্ছা থাকলেও তিনি জামায়াতের কারণে নির্বাচনে আসতে পারেননি। আপনারা ভোট না দিয়ে আরেকটি ভুল করবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন। কেউ আপনাদের কিছু বলতে পারবে না।’
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে এ পথসভার মঞ্চে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন জানান, গাংনী আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের পক্ষে কয়েক দিন আগে তেঁতুলবাড়িয়া বাজারে একটি নির্বাচনী ক্যাম্প করা হয়। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। পরে বাজারে থাকা নৈশপ্রহরীরা এসে আগুন নেভান। আগুনে ক্যাম্পের শামিয়ানা পুড়ে গেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।