নির্বাচনী মিছিলের পিছু নিয়েছিল শিশুটি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনের ডামাডোলের মধ্যেই ভারতের ত্রিপুরা থেকে চট্টগ্রামে বেড়াতে আসে ছোট্ট জুয়েল। তার মামাতো ভাইয়ের বাসা দেওয়ানবাজারে। অলিগলিতে দিনরাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মানুষের ভিড় দেখে কৌতূহলী হয়ে ওঠে সে। বাসা থেকে বেরিয়ে সেও কোনো এক প্রার্থীর নির্বাচনী মিছিলের পিছু নেয়। পথঘাট না চেনায় একটা সময় হারিয়ে যায় জুয়েল।
ওপরের ঘটনা গত ২৪ এপ্রিলের। এর আগের দিন ত্রিপুরা থেকে নানির সঙ্গে বাংলাদেশের কুমিল্লায় বেড়াতে আসে আট বছরের মো. জুয়েল। তার নানাবাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সেদিন রাতে মামাতো ভাই ওমর ফারুকের সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রামের দেওয়ানবাজারে আসে জুয়েল। ফারুকের শ্বশুরবাড়ি দেওয়ানবাজারে।
গতকাল শনিবার নগরের ডবলমুরিং থানাধীন ভিকটিম সাপোর্ট সেন্টারে জুয়েল জানায়, মিছিলের পিছু পিছু যাওয়ার পর পথ হারিয়ে ফেলে সে। অনেক ঘোরাঘুরি করেও বাসা চিনতে না পেরে একপর্যায়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন কয়েকজন মানুষ তাকে থানায় দিয়ে যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘পথচারীরা উদ্ধার করে থানায় নিয়ে আসার পর শিশুটি তার বাড়ি সোনামুড়া বলেছিল। এর বেশি কিছু সে জানাতে পারেনি। আমরা তার স্বজনদের অপেক্ষায় থেকে দুই দিন নিজেদের মতো খোঁজাখুঁজি করেছি। কিন্তু কাউকে না পেয়ে ২৭ এপ্রিল ভিকটিম সাপোর্ট সেন্টারে দিয়ে আসি।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান সাংবাদিকদের জানান, শিশুটির পরিচয় জানার পর ভারতের সোনামুড়া থানায় যোগাযোগ করে জুয়েলের পরিবারের খোঁজ পাওয়া যায়। জুয়েলের বাবা বাংলাদেশে থাকা আত্মীয়দের উদ্ধারের বিষয়টি জানালে তাঁরা সাপোর্ট সেন্টারে এসে যোগাযোগ করেন।
গতকাল পুলিশ জুয়েলকে তার পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়। তার মা শাহেনা খাতুন সাংবাদিকদের জানান, ছেলে হারানোর খবর শুনে তিনি ২৬ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁদের বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার বেজিমারা গ্রামে।
চট্টগ্রাম ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধায়ক মাহমুদা বেগম গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, জুয়েলকে তার মায়ের হাতে তুলে দেওয়া হলেও আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে সে তার পরিবারের সঙ্গে ফিরে যেতে পারবে।