নির্বাচনী লড়াইয়ে পিপি দুর্ভোগে বিচারপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন এম এ নাছের। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-২-এর একমাত্র বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি)। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় মামলা পরিচালনা করতে পারছেন না তিনি। এতে দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থীরা।
পিপির অনুপস্থিতে মামলা পরিচালনা করছেন তাঁর সহকারী আইনজীবীরা।
আইনজীবীরা জানান, চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অতিরিক্ত পিপি ও সহকারী পিপির পদ নেই। এ ক্ষেত্রে পিপি কোনো কারণে মামলা পরিচালনা করতে না পারলে তিনি বিষয়টি আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখায় লিখিতভাবে জানাবেন। এ ক্ষেত্রে মন্ত্রণালয় ট্রাইব্যুনালের অন্য পিপিকে সাময়িকভাবে মামলা পরিচালনা করতে চিঠি দেবে। ট্রাইব্যুনালের অন্য পিপি না থাকলে জেলা ও মহানগর পিপি মামলা পরিচালনা করবেন। কিন্তু কাউন্সিলর প্রার্থী এম এ নাছের এ ব্যাপারে চিঠি দেননি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, সরকারি কৌঁসুলির অনুপস্থিতিতে তাঁর সহকারী আইনজীবীরা কোনো অবস্থাতেই রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে পারেন না। করলে শুনানিতে অনেক ত্রুটি-বিচ্যুতি হতে পারে। আসামিপক্ষ এর সুযোগ নিতে পারে।
চট্টগ্রাম আদালত ভবনের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সামনে কয়েক দিন ধরে বিচারপ্রার্থীদের ভিড় দেখা গেছে। কয়েকজন বিচারপ্রার্থীর অভিযোগ, পিপি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় তাঁর সহকারী আইনজীবীরা মামলা পরিচালনা করছেন। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এই ট্রাইব্যুনালে নগরের ডবলমুরিং, বন্দর ও বায়েজিদ বোস্তামী, পতেঙ্গা এবং সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, লোহাগাড়া ও বান্দরবানের বিভিন্ন থানার মামলাগুলোর বিচারকাজ হয়ে থাকে। বর্তমানে এই ট্রাইব্যুনালে পাঁচ হাজার মামলা বিচারাধীন।
সীতাকুণ্ডের ছোট কুমিরা থেকে শিরিন আক্তার নামের এক নারী গতকাল সোমবার ট্রাইব্যুনালের পিপি নাছেরের সঙ্গে দেখা করতে আসেন। পিপিকে না পেয়ে তিনি ফিরে যান। যাওয়ার আগে শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, অনেক কষ্ট করে এলেও কোনো কাজ হয়নি।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইফতেখার রশিদ জানান, পিপি না থাকায় তাঁর সহকারী মো. হাবিব ও বিবেকানন্দ চৌধুরী মামলা পরিচালনা করছেন। ট্রাইব্যুনালে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি মামলার শুনানি হয়। গতকালও ৩৫টি মামলার শুনানি হয়েছে।
মো. হাবিব ও বিবেকানন্দ চৌধুরী দুজনেই এম এ নাছেরের পক্ষে মামলা পরিচালনা করার কথা নিশ্চিত করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর সাবেক পিপি ফজলুল করিম ভূঁইয়া বলেন, ট্রাইব্যুনালে প্রতিটি মামলার শুনানিতে পিপিকে অংশ নিতে হবে।
ট্রাইব্যুনালের পিপি ও কাউন্সিলর প্রার্থী এম এ নাছের প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর প্রতিদিন ঘণ্টা দুয়েকের জন্য কোর্টে যেতাম। দুই দিন ধরে যেতে পারিনি। আমার জুনিয়ররা মামলা পরিচালনা করছেন।’ তাঁরা মামলা পরিচালনা করতে পারে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি। নির্বাচন পর্যন্ত মামলা পরিচালনা করতে কোনো সরকারি কৌঁসুলিকে দায়িত্ব দিতে মঙ্গলবারের মধ্যে দরখাস্ত দেব।’
সিটি নির্বাচনে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অশোক কুমার দাশ। তিনি প্রথম আলোকে জানান, তাঁর অনুপস্থিতে তিন এপিপি মামলা পরিচালনা করছেন।