নির্বাচনী সংকট দীর্ঘস্থায়ী হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল নির্বাচন বর্জন করে রাজপথে অবস্থান নেওয়ায় বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে একটি হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশির ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাবে বলে মনে হয় না। কারণ, তারা মনে করে এটি একদলীয় নির্বাচন। কাতার থেকে প্রকাশিত দৈনিক গালফ টাইমস পত্রিকার গতকাল শুক্রবারের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সাধারণত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু এবার সেখানে পোস্টার-ব্যানার বা প্রচার-প্রচারণা নেই বললেই চলে। নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের অবস্থান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এই অচলাবস্থা ভাঙতে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। কাজেই এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। কেননা, দুই পক্ষের কেউই ছাড় দিতে রাজি নয়।