
রাজশাহীর তাহেরপুর পৌর সদরের বেহাল রাস্তায় তড়িঘড়ি করে খোয়া ও বালু ফেলে সংস্কার করা হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, এটা হচ্ছে নির্বাচনী সংস্কার। তবে পৌরসভার প্রকৌশলী বলছেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সংস্কারকরা হচ্ছে।
তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম আজাদ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভায় মোট ৩৩ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে ১৮ দশমিক ৬ কিলোমিটার পাকা। বাকি রাস্তার কিছু অংশে খোয়া ফেলা, কিছু অংশে ইট বিছানো, কিছু অংশ কাঁচা। ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির এই পৌরসভার আয়তন ১০ দশমিক ৮১ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২৯ হাজার ৮০০। এর দুটি ওয়ার্ডে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। পয়োনিষ্কাশনব্যবস্থাও গড়ে ওঠেনি।
১২ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, পৌর সদরের রাস্তাঘাট একেবারে বেহাল। ওপরের কার্পেটিং উঠে গেছে অনেক আগেই। ভাঙাচোরা গর্তে মাটি জমে আছে। মাছের আড়তের পানিতে রাস্তার একাংশ ডুবে কাদা কাদা হয়ে আছে। পৌরসভার ভেতরের অপরিষ্কার নালার ময়লা-আবর্জনা উপচে পড়ছে।
মাছের আড়তের পাশের রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পায়ে কাদা না লাগিয়ে এ রাস্তা দিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। দেখা গেছে, সেখানে বালু ও ইটের খোয়া ফেলে ১০-১২ জন শ্রমিক তড়িঘড়ি করে সংস্কারের চেষ্টা করছেন।
পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তিলিপাড়া এলাকায় দেখা যায়, ইট বিছানো রাস্তা ভেঙে গেছে। সেখানে হাঁটাও যাচ্ছে না। ওয়ার্ডের একজন বাসিন্দা বলেন, বর্তমান মেয়রের সময়ে পৌরসভায় বাস টার্মিনাল হচ্ছে—এটা একটা বড় কাজ। তবে রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। যেটুকু রাস্তা আছে, তার ওপর প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক হাট বসে। রাস্তার ওপর ট্রাক রেখে মালামাল ওঠানো-নামানো হয়। হাটের দিন কোনো মানুষ মারা গেলেও তাহেরপুর থেকে একটি অ্যাম্বুলেন্সও এ রাস্তা দিয়ে পার করা যাবে না।
চার রাস্তার মোড়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এটি নামেই শুধু ক শ্রেণির পৌরসভা। ১৯৭৪ সালে এ এলাকায় বিদ্যুৎ এসেছে। অথচ এখনো পৌরসভার দুটি ওয়ার্ডে বিদ্যুৎ পৌঁছায়নি। তাঁরা বলেন, ৫ নম্বর ওয়ার্ডে গেলে দেখা যাবে, বেহাল রাস্তা কাকে বলে। বোঝাই যাবে না যে এটা একটা পৌরসভা। পৌর সদরের রাস্তা সংস্কারের প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, এত দিন এ রাস্তা কারও চোখে পড়েনি। এটা নির্বাচনী সংস্কার। সবাই বুঝতে পারছে। দেখে হাসছেও।
এ বিষয়ে মেয়র আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ধরেননি।
জানতে চাইলে পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পৌরসভার ভেতরের বড় রাস্তাগুলো সড়ক ও জনপথ বিভাগের। রাস্তাগুলোর টেন্ডার হয়েছে। তারাই কাজ করবে। যে অংশটুকু খুব খারাপ, পৌরসভার পক্ষ থেকে এখন সেটুকু সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, ৩৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১৮ দশমিক ৬ কিলোমিটার পাকা। দু-এক কিলোমিটার রাস্তা কাঁচা আছে। বাকিগুলো বিভিন্নভাবে চলাচলের উপযোগী করা হয়েছে। তিনি বলেন, এখানে পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে ওঠেনি, তবে ভবিষ্যতে হবে। বিদ্যুতের কাজ চলছে। একটি মহল্লায় পাইপলাইনে পানি সরবরাহের ব্যবস্থা আছে। রাস্তার ওপর হাট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অচিরেই বেড়িবাঁধ হবে। হাট ওই দিকেই সম্প্রসারণ করা হবে।