নির্বাচনী সভা করতে মাদ্রাসা ছুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী ফাজিল মাদ্রাসা মিলনায়তনে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নির্বাচনী সভা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গতকাল ওই মাদ্রাসায় পাঠদান বন্ধ ছিল। এমনকি আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ওই সভায় অংশগ্রহণ করায় ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানও ব্যাহত হয়।
গতকাল সরেজমিনে জানা গেছে, সকাল ১০টার দিকে ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল আহম্মেদ মৃধার সভাপতিত্বে ওই সভা শুরু হয়। সভা চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ব্যাপারী উপস্থিত ছিলেন। এ ছাড়া নাজিরপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এলাকার প্রায় ৮০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, গত সোমবার আবু বক্কর নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এসে জানান, তাঁদের আগামীকাল (মঙ্গলবার) সভা আছে। তাই মাদ্রাসার পাঠদান বন্ধ রাখতে হবে। পরবর্তী সময়ে অধ্যক্ষের মৌখিক নির্দেশে মঙ্গলবারের পাঠদান বন্ধ ঘোষণা করে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। মাদ্রাসা বন্ধ থাকার কথা স্বীকার করলেও অধ্যক্ষ মুহাম্মাদ শহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল আলম মিয়া বলেন, দাখিল পরীক্ষার কারণে মাদ্রাসা ছুটি ছিল। এ কারণে তাঁরা সভা করেছেন।
এদিকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আশপাশের তিনটি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক হাজিরা খাতায় সই করে বিদ্যালয় ত্যাগ করেন। এ কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হয়। এ বিষয়ে জানতে চাইলে তাতেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ইসলাম বলেন, ‘কিছু শিক্ষক আওয়ামী লীগের সভায় গেছেন।’ সভার সভাপতি দুলাল আহম্মেদ মৃধা বলেন, নির্বাচন-পূর্ব কলাকৌশল বিষয়ে নেতা-কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির একাংশ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী তসলিম তালুকদার অভিযোগ করেছেন, সরকারদলীয় লোকজন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে সভা করছেন। বিষয়টি মুঠোফোনে রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা যাবে না। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে সতর্ক করে দেওয়া হবে।’