নির্বাচনী সরকারের রূপরেখা নিয়ে আলোচনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মনে করে, বিদ্যমান রাজনৈতিক সংকট ও সহিংসতার মূল কারণ নির্বাচনকালীন সরকারের রূপরেখা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না থাকা। প্রধান দুই দলের আলোচনা সাপেক্ষে এই রূপরেখা চূড়ান্ত হয়ে গেলে এসব সহিংস ঘটনা আর না-ও ঘটতে পারে।ঢাকা চেম্বার বলেছে, রাজনৈতিক সংঘাত নিরসনে দুই নেত্রীকে আলোচনায় বসানোর যে উদ্যোগের কথা ব্যবসায়ীরা বলে আসছেন, তাতে সমস্যার সমাধান হবে না। ব্যবসায়ীদের পক্ষ থেকেই নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা তৈরি করে দুই দলের কাছে দেওয়া সম্ভব হলে সেটা বরং অনেক বেশি ফলপ্রসূ ও সংকট থেকে উত্তরণের সম্ভাবনার ক্ষেত্র হতে পারে।ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদকে গত শনিবার একটি চিঠি দিয়েছেন ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান। চিঠিতে এসব কথা বলা হয়েছে।এ বিষয়ে সবুর খান প্রথম আলোকে বলেন, ‘এত দিন আমাদের সামনে নির্বাচনকালীন সরকারব্যবস্থা কেমন হবে, সে বিষয়ে কোনো ধারণা ছিল না। টিআইবি একটি প্রস্তাব দিয়েছে। এটিকে ভিত্তি ধরে ব্যবসায়ীরা একটি রূপরেখা তৈরি করতে পারেন।’কাজী আকরাম উদ্দিন আহ্মদ জানান, তিনি চিঠিটি এখনো হাতে পাননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০ এপ্রিল একটি সম্মেলন করছি। সেখানে নির্বাচনের রূপরেখা নিয়েও আলোচনা হবে। এমন কোনো প্রস্তাব হয়তো সেখান থেকে বেরিয়ে আসবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।’এফবিসিসিআইকে দেওয়া ডিসিসিআইয়ের চিঠিতে বলা হয়েছে, টিআইবির দেওয়া রূপরেখাকে একটি মাধ্যম বিবেচনা করে দেশের ব্যবসায়ী, শিক্ষক ও সুশীল সমাজ, সরকারি ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক সংকট নিরসনের একটি ক্ষেত্র তৈরি করা যেতে পারে। প্রয়োজনে রূপরেখাটি সংযোজন ও বিয়োজন করা যেতে পারে।