নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রামে এসেছে
সিটি নির্বাচনের ব্যালট পেপারসহ সব ধরনের সরঞ্জাম গতকাল শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দুটি কাভার্ড ভ্যানযোগে এসব সামগ্রী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে এসে পৌঁছায়। ব্যালট পেপার ছাড়াও সরঞ্জামের মধ্যে রয়েছে অমোচনীয় কালি, সিল, সিলগালা, কলম, পিন ইত্যাদি। ভোটকেন্দ্রের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সও জিমনেসিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। ব্যালট বাক্সগুলো চট্টগ্রামের জেলা নির্বাচন কার্যালয়ে ছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, সব ধরনের সরঞ্জাম এসে গেছে। এখন আমরা এগুলো কেন্দ্র ধরে ধরে ভাগ করছি। ২৭ তারিখ (সোমবার) প্রিসাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হবে।
ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামগুলো জিমনেসিয়াম থেকে বিতরণ করা হবে। নির্বাচনের দিন ফলাফল ঘোষণা করা হবে পাশের এম এ আজিজ স্টেডিয়ামের প্যাভিলিয়ন ভবন থেকে। জিমনেসিয়ামের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১ ওয়ার্ডের ৭১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।