নির্বাচনী সহিংসতা একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। সৈয়দপুর পৌরসভায় প্রতিপক্ষের হাতে এক কাউন্সিলর পদপ্রার্থীর কর্মী আবুল জলিল খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ ও বগুড়ার গাবতলীতে মেয়র পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির খবর পাওয়া গেছে। এতে একজন আহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:সৈয়দপুর: এখানকার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কাশেমের কর্মী আবুল জলিলকে (২২) হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ প্রার্থী সৈয়দপুর শহর বিএনপির সভাপতি তারিক আজিজের লোকজন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আবুল কাশেম বলেন, ‘জলিল আমার কর্মী ছিল। আমার প্রতিপক্ষ তারিক আজিজের লোকজনই তাকে হত্যা করেছে।’ ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থী জাকিরুল ইসলামও অভিযোগ করেন, তারিক আজিজের কর্মীরাই জলিলকে হত্যা করেছে। তবে তারিক আজিজ বলেন, ‘আমার লোক কাউকে হত্যা করেনি। এটা এক ধরনের নির্বাচনী ষড়যন্ত্র।’বরিশাল: বাকেরগঞ্জ পৌর বন্দরে গত রোববার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী লোকমান হোসেন ও বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মাহবুব আলমের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে মাহবুব আলমের কর্মী কবির আহত হন। মাহবুব আলম বলেন, ‘লোকমান হোসেনের সমর্থকেরা আমার কর্মী মো. কবির ও মো. ফিরোজকে মারধর করে আহত করে।’ লোকমান হোসেন বলেন, ‘আমি ঘটনার সময় অন্য ওয়ার্ডে গণসংযোগে ছিলাম। তবে শুনেছি, জেলার নেতাদের সঙ্গে মাহবুব আলমের সমর্থকদের কথা-কাটাকাটি হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার স্থানীয় কোনো সমর্থক জড়িত ছিলেন না।’বগুড়া: গাবতলীতে মেয়র পদপ্রার্থী গাবতলী পৌর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ডের উনচুরকী এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় অপর মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোরশেদ মিলটনের কর্মী-সমর্থকেরা সাইফুল ও তাঁর কর্মীদের ধাওয়া করে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে গাবতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।