নির্বাচনী সহিংসতা: যশোরে নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে গতকাল বৃহস্পতিবার সহিংসতায় আবদুস সাত্তার (৭০) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাত্তারের ছেলে ফারুক হোসেন ২৮ জনের নাম উল্লেখ করে ওই মামলা করেন। 

এদিকে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গতকাল ইউপি নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬৫ নম্বর চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমা হামলায় আবদুস সাত্তার নিহত হন। সহিংসতায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
এদিকে গতকাল রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোকাদ্দেস হোসেন বাদী হয়ে শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। মামলায় শাহিন চাকলাদার ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম ও দেয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমানসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ মামলাটি করেছে। মামলায় নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও নির্বাচন থেকে বিএনপির প্রার্থীদের সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।
যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, নির্বাচন কমিশন (ইসি) ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে তা নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দেয়। গত বুধবার রাত সাড়ে ১১টায় পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ নির্দেশ আসে।
এ ব্যাপারে জানতে চাইলে শাহিন চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সুপার নির্বাচনের আগে ইসির কাছে চিঠি লেখেন যে, শাহিন চাকলাদারকে গ্রেপ্তার না করলে যশোরে নির্বাচন সুষ্ঠু হবে না। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইসি মামলার নির্দেশ দিয়েছে।’
বিএনপির যে প্রার্থীরা নির্বাচন থেকে সরে গেছেন তাঁদের ভয়ভীতি দেখানোর ব্যাপারে জানতে চাইলে শাহিন চাকলাদার দাবি করেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। বরং আমার কাছ থেকে না শুনে আপনারা তাঁদের কাছে গিয়ে শোনেন। তাহলে সঠিক উত্তর পেয়ে যাবেন।’
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন থেকে যশোর সদর উপজেলার আরবপুর, দেয়াড়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থীরা সরে দাঁড়ান। যে কারণে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে যশোর সদর উপজেলা বিএনপি আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক অভিযোগ করেন, দ্বিতীয় দফা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। তফসিল ঘোষণার পর থেকে বোমার বিস্ফোরণ ও সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে। ভয়ভীতির কারণে বিএনপির অধিকাংশ মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। এ ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।