ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত এক ব্যক্তি গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও হামলায় সারা দেশে এ পর্যন্ত ৫১ জন নিহত হলো।
এদিকে মুন্সিগঞ্জে গতকাল বুধবার ও মেহেরপুরে মঙ্গলবার রাতে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজন চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
ঢাকার বাইরের প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: হাতিয়ার চরকিং ইউনিয়নে প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিনের সমর্থকেরা ১৭ এপ্রিল দলের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থক ওমর ফারুকের বাড়িতে হামলা, ভাঙচুর চালান এবং গুলি ছোড়েন। এ সময় ওমর ফারুকের বাবা আবু তাহেরসহ (৬৫) আটজন গুলিবিদ্ধ হন। আবু তাহের পেটে ও বুকে গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেলে মারা যান।
আবু তাহেরের মৃত্যুর খবরে চরকিং ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। তাঁরা বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের তিনটি বাড়িতে হামলার চেষ্টা চালান।
সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। তাঁরা হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ এনে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হককে প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
তবে ওসি আরিচুল অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর তিনি আক্রান্ত লোকজনকে মামলা করার
পরামর্শ দিয়েছেন এবং গতকাল ওই ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছেন।
বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিন অভিযোগ করেন, তাঁর পক্ষে কাজ করায় নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন তাঁর লোকজন দিয়ে ইউনিয়নের অনেক নিরীহ লোকজনের ওপর হামলা চালিয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন।
মুন্সিগঞ্জ: জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী আরিফ হওলাদারের লোকজন বিএনপির প্রার্থী ওয়ালিউল্লাহ খানের সমর্থকদের ওপর গতকাল দুপুরে হামলা চালিয়েছেন। হামলায় বিএনপির প্রার্থীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ওয়ালিউল্লাহ খানের ছেলে মো. শাহীন বলেন, তাঁরা নির্বাচনী ক্যাম্পে বসে ছিলেন। তখন আওয়ামী লীগের প্রার্থীসহ তাঁর সমর্থকেরা এসে অস্ত্র দেখিয়ে ক্যাম্প বন্ধ করে চলে যেতে বলেন এবং হামলা চালান।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন বলেন, পাশাপাশি দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্প রয়েছে। এই ক্যাম্প বসানো নিয়েই দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর: জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপির কর্মীদের হামলায় আওয়ামী লীগের প্রার্থী বজলুল রশিদ আহত হন। এর প্রতিবাদে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির প্রার্থী আমিরুল ইসলামের মোটরসাইকেল বহরে হামলা চালালে কয়েকজন আহত হন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।