নির্বাচনী সহিংসতার সমাধান রাতারাতি হবে না: বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষ’ শীর্ষক শান্তির দূত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি: ফোকাস বাংলা
‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষ’ শীর্ষক শান্তির দূত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি: ফোকাস বাংলা

‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষ’ শীর্ষক শান্তির দূত সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘নির্বাচনী সহিংসতা-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান রাতারাতি হবে না। কিন্তু শান্তির দূত হিসেবে সহিংসতাবিহীন ভবিষ্যৎ নির্বাচনের স্বপ্ন দেখার মাধ্যমে সমাজে আপনারা ইতিবাচক উদাহরণ হয়ে থাকবেন।’

বেসরকারি সংস্থা ‘হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ দেশের বিভিন্ন অঞ্চলে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে থেকে কয়েকজনকে শান্তির দূত নির্বাচন করেছে, যাঁরা তাঁদের অঞ্চলে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন এবং মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে যাবেন। ওই শান্তির দূতদের সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হয় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে। হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে এ আয়োজনে সহযোগিতা করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি, ইউকেএআইডি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (আইএফইএস)।

মার্কিন লোকগায়ক পিট সিগারকে উদ্ধৃত করে সম্মেলনে মার্শা বার্নিকাট বলেন, যে মানুষ একমত হচ্ছেন না, তাঁর সঙ্গে কথা বলতে শিখতে পারা খুব গুরুত্বপূর্ণ। একুশ শতকে এই যোগ্যতাটা হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, আস্থা ও সম্মান অর্জন করতে ভিন্নমতের প্রতি সহনশীলতা প্রয়োজন।

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, গণতন্ত্র একেক দেশে একেকভাবে চর্চা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত—একেক দেশে একেকভাবে গণতন্ত্র কাজ করে। কিন্তু গণতন্ত্রের মূল কথা হলো, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। যেভাবেই গণতন্ত্রের চর্চা হোক না কেন, এই নীতি প্রতিষ্ঠা করতে হবে।

হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এ-দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে দেশকে স্বাধীন করেছি। কিন্তু দেশ আজ বিভক্ত। আমরা একে অন্যের সঙ্গে সহিংসতায় লিপ্ত। যারা এই সহিংসতায় লিপ্ত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।’