নির্বাচনী সহিংসতায় আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের সদর উপজেলার খেলনা গ্রামে গত সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাঠি ইউপি নির্বাচনে পরাজিত সদস্য পদপ্রার্থী জাফর শেখের লোকজন এলাকায় মুরগি চুরির অভিযোগ এনে বিজয়ী সদস্যপ্রার্থী ফরিদ শেখের সমর্থক শেখ কামালকে (২৪) মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ফরিদ শেখের লোকজন ঘটনাস্থল খেলনা গ্রামে ছুটে আসে। পরে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। সদর থানার পরিদর্শক (প্রশাসন) বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।